মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৫ ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

জাতীয়

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন যারা

 প্রকাশিত: ১৩:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন যারা

তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদসহ আরো কয়েকজন।

মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ফোন পেয়েছেন এমন কয়েকজনের নাম বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

তাদের মধ্যে আছেন-ইকবাল হাসান মাহমুদ, চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, এহসানুল হক মিলন।

এছাড়া বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও ফোন পেয়েছেন বলে খবর এসেছে।

মঙ্গলবার দুপুর ১টার পর বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এখনও আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে কোনও নির্দেশনা পাইনি।”

প্রত্যাশিত অনেক নেতা মন্ত্রিপরিষদে ‘জায়গা পাচ্ছেন না’ বলেও স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন। তবে সাবেক মন্ত্রীদের মধ্যে বেশ কয়েকজন সম্ভাব্য পরিষদে জায়গা পেয়েছেন।

সকালে বিএনপির নবনির্বাচিত এমপিরা সকালে সংসদে শপথ নিয়েছেন। সে সময় তারা এমপি হিসেবে শপথ নিলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

তারেক রহমানের মন্ত্রিসভায় কারা থাকছেন, সেদিকে এখন সবার নজর। মন্ত্রীদের সংখ্যা ৪০ জনের আশপাশে থাকার তথ্য মিলেছে; যাদের নিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে দেশ গড়তে চান তারেক রহমান।

মন্ত্রিসভার সদস্যদের শপথের প্রস্তুতির অংশ হিসেবে পরিবহন পুল থেকে ৩৭টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। নতুন মন্ত্রীদের আবাসনের জন্যও সমানসংখ্যক বাসা প্রস্তুত করা হচ্ছে।