দুই শপথই নিলেন এনসিপির নির্বাচিতরা
বিএনপির নবনির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত শপথ নিয়েছেন এনসিপির সদস্যরা।
মঙ্গলবার দুপুর ১টা ২২ মিনিটে প্রথমে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসাবে শপথ নেন তারা।
তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথ নেওয়ার পর শপথপত্রের নির্ধারিত স্থানে সই করেন নবনির্বাচিত সদস্যরা।
এরপর ১টা ২৫ মিনিটে তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ান সিইসি।
এর ঘণ্টা খানেক আগে জামায়াতে ইসলামীর সদস্যরাও দুটি শপথ নেন।
দেশের আইনসভার সদস্যরা তাদের দায়িত্ব পালনের শপথ নেন আগের সংসদের স্পিকারের কাছ থেকে। তবে চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে নেই, ডেপুটি স্পিকার হত্যা মামলায় শামসুল হক টুকু কারাগারে। সে কারণে নতুন এমপিরা এবার শপথ নেবেন প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে।
বিএনপির নবনির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জামায়াতে ইসলামীর মত তাদের জোট শরিক এনসিপিও বেঁকে বসেছিল। শেষ পর্যন্ত তারাও শপথ নিচ্ছেন।
নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বচিত এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে উদ্ধৃত করে দলের মিডিয়া গ্রুপে বলা হয়, “জনগণ জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নের জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, এজন্য আমরা দুটি শপথই নিচ্ছি। বিএনপি ক্ষমতামুখী দল হিসেবে শুধু সরকার গঠনের শপথ নিয়ে গণরায় উপেক্ষা করেছে।”