‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি
নির্বাচনের আগের দিন ‘টাকার ব্যাগ’সহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে তিনি আটক হন। তারপর অসুস্থ বোধ করলে তাকে অ্যাম্বুলেন্সে করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে রংপুরে স্থানান্তর করা হয় বলে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান।
বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। তিনি ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক।
পুলিশ জানায়, বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে বেলা ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে ধরণা করা হচ্ছে।
এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। তবে তিনি বলেছেন, এই টাকাটি তার ব্যবসার কাজের। এখন পর্যন্ত তিনি এই অর্থের উৎসের কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলেও জানিয়েছে পুলিশ।
তবে বিষয়টিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, “আমার পকেটে টাকা আছে। আমাকে ধরতে যাবে কেন? অদ্ভূত প্রশ্ন আইনশৃঙ্খলাবাহিনী করছে।
“এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছে। এটা পরিকল্পিতভাবে জামায়াতের নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করতে কাজটা করা হচ্ছে।”