বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৯ ১৪৩২, ২৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু বুধবার, শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিন এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ২৩ লাখ টাকা ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

জাতীয়

ভোটের ফল মিলবে কখন?

 প্রকাশিত: ১৫:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের ফল মিলবে কখন?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ফল কখন মিলবে তা নিয়ে নানা আলোচনা চলছে।

এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে এবার যে ভোট গণনা ও ফল প্রকাশে বেশি সময় প্রয়োজন হবে তা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে ইসি।

সংস্থাটি আশা করছে, ভোটগ্রহণের পরদিন শুক্রবার সকালে ফল প্রকাশ করা যাবে। যদিও সাবেক নির্বাচনি ও প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন, পূর্ণাঙ্গ ফল মিলতে শুক্রবার বিকাল লেগে পর্যন্ত লেগে যেতে পারে।

এবার সংসদ ও গণভোট একসাথে হওয়ায় দুটি ব্যালট পেপার গণনার বিষয় যেমন রয়েছে, তেমনই পোস্টাল ব্যালটের গণনাও রয়েছে।

কেন্দ্রে ফল দেওয়ার পর আসনভিত্তিক একীভূত ফল ঘোষণা করা হবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। এরপর নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ঘোষণা আসবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, “ফলাফল ঘোষণা ইনশাল্লাহ আমরা যথাশীঘ্র সম্ভব নির্বাচনের পরপরই হয়ে যাবে আশা রাখি। ১৩ তারিখ দিনের প্রথম ভাগেই হয়তো ফলাফল ঘোষণা করা যাবে আমরা আশা করছি।”

শুক্রবার সকাল ১০টায় গণনা শেষ হবে বলে আশা করছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, "রেজাল্ট ডিলে হওয়ার কোনো কারণ নাই। প্রতিটা ব্যালট গণনা হবে। ভোট ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় শুরু হবে। পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল ১০টায় গণনা শেষ হবে।”

ভোট গণনায় যে এবার সময় বেশি লাগবে তা গত ২৩ জানুয়ারিতেই স্পষ্ট করেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেছিলেন, “এবার ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন। এর সঙ্গে পোস্টাল ব্যালটের গণনা রয়েছে। এ কারণে গণনায় এবার স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে।”

একসঙ্গে একাধিক আসনের ফল এলে তা প্রকাশে রিটার্নিং কর্মকর্তার সময় যে বেশি লেগে যেতে পারে, সে কথাও তুলে ধরেন আখতার আহমেদ।

তিনি বলেন, “পোস্টাল ব্যালটের সঙ্গে গণভোট, সব মিলিয়ে একটু সময় বেশি লাগবে গণনার ক্ষেত্রে; এই জিনিসটা আমাদের সবাইকে একটু বিবেচনায় রাখতে হবে। সেন্টারের গণনা আগে হয়ে যাবে, কিন্তু রিটার্নিং অফিসারের কাছে যে কেন্দ্রটা (পোস্টাল ব্যালট) ওটার গণনার সময় লাগবে।

“আর একজন রিটার্নিং অফিসারের কাছে যদি একাধিক আসন থাকে, তাহলে আরও কিছুটা বেশি সময় লাগবে।”

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ মঙ্গলবার বলেন, সংসদ ও গণভোটের ফল একসাথে দেওয়া হবে। কেন্দ্রেও ভোট গণনা একসাথে হবে, ফলও একসাথে।

“গণনা কার্যক্রম একই সঙ্গে শুরু হবে। তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টার দৌড় মেরে চলে গেছেন, আর কেউ থাকবে না। আবার যদি আপনি গণভোটের ফলাফল আগে ঘোষণা করেন, অস্থিরতা তৈরি হবে বাইরে। আমরা দুটোর কোনটাই করতে চাই না একসাথে।”

১৯৭৭ সালে প্রথম গণভোটে ফল ঘোষণায় ৩০ ঘণ্টা সময় লেগে যায়। এবার সংসদ, গণভোট দুটো একসঙ্গে হচ্ছে। ভোটার বেড়ে হয়েছে ১৩ কোটি। ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

ভোটের পূর্ণাঙ্গ ফল পেতে শুক্রবার বিকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে ধারণা করছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসলে ইলেকশন কমিশন যে ব্যাখ্যা দিয়েছে, তাতে ফল পরদিন বিকালের দিকেই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে।

“কারণ এমনিতে নরমালি পরের দিন সকাল ১০টার দিকে অনেক আসনের সব রেজাল্ট চলে আসবে। হয়তো শুক্রবার বিকাল বেলা পর্যন্ত সময় লাগতে পারে ফলাফল ঘোষণা করতে।”

সর্বশেষ ১৯৯১ সালে দেশে গণভোটের আয়োজন করেছিল। সে সময় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন সাবেক সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার। দায়িত্ব পালন করেছেন বেশ কিছু সংসদ নির্বাচনেও।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯৯১ বর্তমানে জনসংখ্যা অনেকটাই বেড়েছে। আর যেহেতু রাজনৈতিক দলগুলা এটাতে (গণভোটে) ইনভলভ, তারা কোমরে গামছা দিয়া কাজে নেমেছে। তাই এবারে হয়তো ভোট বেশি পড়বে।

“এগুলো একই বাক্সে পড়লে আপনাকে আগে আলাদা করা লাগবে। আলাদা করতেও তো সময় লাগবে। প্রত্যেকটা ব্যালট খুলে দেখে আলাদা করতে হবে।”

সাধারণত সংসদ নির্বাচনের ফল গণনায় মধ্যরাত পর্যন্ত সময় লাগে মন্তব্য করে তিনি বলেন, “আমার ধারণা, ধরেন প্রতিটা কেন্দ্রে আপনার হয়তো ২-৩ ঘণ্টা বা ৩-৪ ঘণ্টা বেশি সময় লাগতে পারে।

“একেবারে সব শেষ হইতে হয়তো শুক্রবারে বিকাল বা দুপুর পর্যন্ত লাগতে পারে। এরপর ফল জানা যাবে।”