শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি
সমন্বিত নিরাপত্তা প্রস্তুতি নেওয়ার কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ‘শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক’ নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
বুধবার সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উদ্দেশে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নাসির উদ্দিন বলেন, “আগামীকাল অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে আমি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
“আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় সামগ্রিক নিরাপত্তা ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজন নেওয়া পদক্ষেপগুলোর বিস্তারিত বিদেশি সাংবাদিক এবং পর্যবেক্ষকদের কাছে তুলে ধরেন সিইসি এবং কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
সিইসি বলেন, “পুরো নির্বাচন পদ্ধতি ছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য। আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি, অংশীজনদের সংলাপ এবং ব্যবস্থাপনাগত পরিকল্পনাসহ সমন্বিত ও বহুমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমাদের প্রস্তুতি এগিয়েছে।”
নির্বাচন পরিচালনার সব ধরনের ব্যবস্থাপনা চূড়ান্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পরে ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।
“ইতোমধ্যে ভোটের সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সেগুলো ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে।”