মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৫ ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

জাতীয়

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বেতন কত পাবেন, সুবিধা কী কী?

 প্রকাশিত: ১৫:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বেতন কত পাবেন, সুবিধা কী কী?

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এখন সরকার সাজাতে চলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান; তার সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে ৪৯ জনের।

কারা তার মন্ত্রিসভায় থাকছেন তা নিয়ে যেমন আগ্রহ আছে, তেমনি তারা বেতন ও সুবিধা কী থাকছে তা নিয়েও রয়েছে আলোচনা।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অংশ নেবেন পতাকাবাহী গাড়িতে চড়ে এবং বেরিয়ে যাবেন পতাকা ছাড়া গাড়িতে করে।

এর মধ্য দিয়ে সরকারের দায়িত্ব সামলানোর ভার চলে আসবে নতুনদের ওপরে। সেইসঙ্গে সরকারি সুযোগ-সুবিধার তালিকাপ্রাপ্তদের তালিকাতেও নাম উঠবে তাদের।

তারেক রহমানের এবারের মন্ত্রিসভায় মন্ত্রী আছেন ২৫ জন, আর ২৪ জন প্রতিমন্ত্রী।

তাদের বেতন ও সুযোগ-সুবিধা নির্ধারণ করে দেওয়া আছে ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’ এ।

রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুযায়ী, চিফ হুইপ এবং সংসদের বিরোধীদলীয় নেতাও পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন। আর হুইপরা ভোগ করেন প্রতিমন্ত্রী পদমর্যাদা।

বেতন ভাতা

একজন মন্ত্রী প্রতিমাসে বেতন বাবদ ১ লাখ ৫ হাজার টাকা পাবেন; প্রতিমন্ত্রীর বেতন ৯২ হাজার টাকা।

বাড়ি

মন্ত্রীরা সরকারি ব্যয়ে সুসজ্জিত বাসভবন পাবেন, সেজন্য তাদের ভাড়া দিতে হবে না। প্রতিমন্ত্রীরাও এ সুবিধা পাবেন।

তবে কোনো মন্ত্রী সরকারি বাড়িতে থাকতে না চাইলে বাসাভাড়া বাবদ মাসে ৮০ হাজার টাকা করে পাবেন ভাতা হিসেবে। প্রতিমন্ত্রী হলে পাবেন ৭০ হাজার টাকা।

নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকলে ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য তিন মাসের বাড়ি ভাড়ার সমপরিমাণ টাকা তারা প্রতিবছর পাবেন।

বাসভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোনের জন্য যাবতীয় ব্যয় সরকার বহন করবে।

সরকারি বাড়ির সাজসজ্জার জন্য একজন মন্ত্রী পাঁচ লাখ টাকা এবং প্রতিমন্ত্রী চার লাখ টাকা পাবেন প্রতিবছর।

গাড়ি

মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি খরচে গাড়ি পাবেন। সরকারের পরিবহন পুল থেকে এই গাড়ি সরবরাহ করা হবে। প্রতিদিন ১৮ লিটার জ্বালানি তেলের দাম পাবেন গাড়ির জন্য।

সরকারি প্রয়োজনে বা নির্বাচনি এলাকায় ভ্রমণের সময় মন্ত্রণালয়ের অধীন যে কোনো সংস্থা বা দপ্তর থেকে একটি জিপ পাবেন তারা। দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পাবেন দুই হাজার টাকা করে।

বিমান ভ্রমণের ক্ষেত্রে বছরে ১০ লাখ টাকা বীমাসুবিধা পাবেন তারা।

চিকিৎসা

মন্ত্রী বা প্রতিমন্ত্রী অসুস্থ হলে চিকিৎসার পুরো ব্যয়ভার বহন করবে সরকার। সেই খরচের কোনো সীমা আইনে বেঁধে দেওয়া হয়নি। তবে খরচের ভাউচার দিতে হবে মন্ত্রিপরিষদ বিভাগে।

আপ্যায়ন

দেশি-বিদেশি অতিথিদের আপ্যায়নের জন্য একজন মন্ত্রী মাসে ১০ হাজার টাকা করে আপ্যায়ন ভাতা পাবেন। আর প্রতিমন্ত্রী পাবেন সাড়ে ৭ হাজার টাকা।

সহায়ক

মন্ত্রীরা নিজেদের পছন্দমত উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব (পিএস) নিতে পারেন। এ ছাড়া একজন সহকারী একান্ত সচিব, দুজন ব্যক্তিগত কর্মকর্তা, দুজন অফিস সহায়ক, একজন পাচক, একজন জমাদার এবং একজন আরদালি তারা পাবেন

প্রতিমন্ত্রীরা একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন অফিস সহায়ক, একজন জমাদার এবং একজন আরদালি পান।

এলাকার উন্নয়নে বরাদ্দ

নিজের নির্বাচনী এলাকার মসজিদ, মন্দির উন্নয়নসহ এলাকার মানুষের দাতব্য কাজে একজন মন্ত্রী বছরে ১০ লাখ টাকা পাবেন। আর প্রতিমন্ত্রী পাবেন সাড়ে ৭ লাখ টাকা।

এ টাকার মধ্যে মন্ত্রী একজন ব্যক্তিকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দিতে পারবেন। প্রতিমন্ত্রী দিতে পারবেন ৩৫ হাজার টাকা। এই টাকার কোনো নিরীক্ষা হবে না।

এছাড়া প্রধানমন্ত্রীর বেতন ও সুবিধাদি নির্ধারণ করা রয়েছে দ্য প্রাইম মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্টের মাধ্যমে।

সেখানে বলা আছে, একজন প্রধানমন্ত্রী মাসে ১ লাখ ১৫ হাজার টাকা পারিশ্রমিক পাবেন। এর সঙ্গে বাড়ি ভাড়া হিসেবে পাবেন ১ লাখ টাকা।

প্রধানমন্ত্রী হিসেবে বিনোদনের জন্য ব্যয় করা সম্পূর্ণ অর্থই তিনি পাবেন ভাতা হিসেবে। তার অফিস থেকে বাসা এবং বাসা থেকে অফিসে যাতায়াতের সব খরচও বহন করবে রাষ্ট্র।

সেক্ষেত্রে তার এবং তার পরিবারের নির্দিষ্ট ব্যয়ও তিনি ভাতা হিসেবে পাবেন।