যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো উত্তেজনা হ্রাস বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি।
মঙ্গলবার ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সর্বোচ্চ নেতা দাবি করেছেন, যুদ্ধ বন্ধ করার আগে প্রথমেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘নতজানু’ হতে হবে।
ওই কর্মকর্তা বলেন, মুজতাবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার হিসাবে নিয়োগ পাওয়ার পর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক বৈঠক করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান নিয়েছেন তিনি। তবে বৈঠকে তিনি সশরীর উপস্থিত ছিলেন কি না, তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এই ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা বলেন, দুটি মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা হ্রাস বা যুদ্ধবিরতি করার প্রস্তাব ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে পৌঁছে দিয়েছিল।
তবে তিনি মধ্যস্থতাকারী দেশ বা প্রস্তাবের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।