প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থ পেলেন আরপিসিসি’র ৮৫৫ জন পরিচ্ছন্নতাকর্মী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রংপুর সিটি কর্পোরেশনের (আরপিসিসি) ৮৫৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে ঈদের উপহার হিসেবে ৫,০০০ টাকা করে মোট ৪২.৭৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিটি ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনিযুক্ত আরপিসিসি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন এই ঈদের উপহারের অর্থ বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে আরপিসিসি প্রশাসক ডন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে রংপুর মহানগর প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। ঈদুল ফিতর উপলক্ষ্যে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগের ফলে পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ আনন্দে একটি নতুন মাত্রা যোগ করতে পেরে আমরা আনন্দিত।
ঈদের উপহারের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা নগর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। রংপুর সিটি কর্পোরেশন তাদের কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করতে সর্বদা কাজ করে যাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন তাদের পাশে আছেন, আমিও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তাদের পাশে আছি এবং যতদিন থাকব, ততদিন তাদের পাশে থাকব।
এদিকে, পরিচ্ছন্নতাকর্মীরা প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রত্যেকে ৫,০০০ টাকা পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও দেশ শাসনে সাফল্য কামনা করেন।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর মহানগর সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রুবেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।