মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ ট্রাম্পের সামনে ২ পথ, দুটোই বিপদে ভরা সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

জাতীয়

পাটুরিয়া ঘাটে যাত্রীর চাপ থাকলেও ভোগান্তি নেই

 প্রকাশিত: ১৭:২৭, ১৭ মার্চ ২০২৬

পাটুরিয়া ঘাটে যাত্রীর চাপ থাকলেও ভোগান্তি নেই

ঈদযাত্রায় মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং আরিচা থেকে পাবনার কাজিরহাট নৌপথে যাত্রীদের চাপ কিছুটা বাড়লেও ভোগান্তি ছাড়াই পার হচ্ছে যাত্রী আর যানবাহন।

ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীরা নির্বিঘ্নেই নদী পার হতে পারছেন। সকালের দিকে মোটরসাইকেল ও ছোট গাড়ির চাপ কিছুটা থাকলেও দুপুরের পর থেকে তা কমতে থাকে।

তবে পাটুরিয়ায় পন্টুনে ওঠার সড়ক সরু ও খাঁড়া ঢালু হওয়ায় কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে গাড়ি চালকদের।

গাজীপুরগামী ট্রাক চালক জাফর আলী বলেন, “দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে ফেরি থেকে নামার পর পন্টন সংলগ্ন সড়ক অনেক খাঁড়া ঢাল হওয়ায় উঠতে কষ্ট হয়েছে। ”

পদ্মা সেতু চালুর আগে দক্ষিণপশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ মানিকগঞ্জের এই দুই ঘাট ব্যবহার করেই চলাচল করত। সেতু চালুর পর বেশিরভাগ যানবাহন সেতুপথ ব্যবহার করলেও কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ী অঞ্চলের অনেক পরিবহন এখনো এই নৌপথেই চলাচল করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালাম হোসেন বলেন, “পাটুরিয়া–দৌলতদিয়া রুটে স্বাভাবিক সময়ে ১২টি ফেরি চলাচল করে তবে ঈদকে সামনে রেখে ১৭টি ফেরি চলাচল করছে। ঈদের সময় যাতে যানবাহন ও যাত্রী পারাপারে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে আমরা প্রস্তুত রয়েছি।”

তিনি আরও বলেন, “ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ফেরিঘাট কর্তৃপক্ষ, জেলা পুলিশ ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। নিরাপদ পারাপারের জন্য নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি ও নজরদারি ব্যবস্থা।”

এদিকে মানিকগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. মহরম আলী বলেন, “যাত্রীর নিরাপত্তা আর শৃঙ্খলা রক্ষায় পাটুরিয়া ও আরিচা ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”