রোববার ১৫ মার্চ ২০২৬, চৈত্র ১ ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭

জাতীয়

দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে, এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়

 প্রকাশিত: ১১:৩৯, ১৫ মার্চ ২০২৬

দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে, এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তাকে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আজ (রোববার) সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে। দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা।

রোববার (১৫ মার্চ) সকালে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল।

তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি সকালে ঢাকায় পৌঁছেছে। দুপুর ১২টায় সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার সার্বিক প্রস্তুতি চলছে। এই সফরে তার সঙ্গে যাচ্ছেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস ভাশন।

এর আগে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের সময় পানি পানের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন এই প্রবীণ বিএনপি নেতা।

দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে কিছু জটিলতা ধরা পড়ে। পরে চিকিৎসকদের একটি বিশেষ মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গত শুক্রবার (১৩ মার্চ) দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়।

গতকাল শনিবার সকালে তার মস্তিষ্কের পুনরায় সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছিলেন, সবশেষ সিটি স্ক্যানের প্রতিবেদন বেশ ভালো ও সন্তোষজনক এসেছে।

মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে ঝুঁকি এড়াতে ও অধিকতর উন্নত চিকিৎসার জন্যই মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে দ্রুত সিঙ্গাপুরে স্থানান্তর করা হচ্ছে।

এদিকে, মির্জা আব্বাসের অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য শীর্ষ নেতারা।

এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে সার্বক্ষণিক তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন।