বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২১ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ: আমিরাতে আটকে পড়া বিদেশিদের বিলম্ব জরিমানা মওকুফ

 প্রকাশিত: ১৭:১৫, ৫ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ: আমিরাতে আটকে পড়া বিদেশিদের বিলম্ব জরিমানা মওকুফ

ইরান যুদ্ধের কারণে ফ্লাইট স্থগিতাদেশ এবং আকাশসীমা বন্ধ হওয়ার কারণে যারা দেশ ত্যাগ করতে পারছেন না, সেসব ভ্রমণকারীদের বিলম্ব জরিমানা মওকুফ করছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।

ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি জানিয়েছে যে, এই সুবিধা ভিজিট ও ট্যুরিস্ট ভিসাধারী, এক্সিট পারমিটধারী এবং যারা দেশ ছাড়ার উদ্দেশ্যে রেসিডেন্সি বাতিল করেছেন, কিন্তু বিরাজমান পরিস্থিতির কারণে দেশে ফিরতে পারছেন না, এমন প্রবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আমিরাত সরকারের সিদ্ধান্তে শনিবার থেকে পরবর্তী সকল জরিমানা মওকুফ করা হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত ভ্রমণকারীদের ক্ষেত্রে কোনো আর্থিক দণ্ড ছাড়াই তাদের অবস্থান বৈধ বলে বিবেচিত হবে।

শনিবার সকালে ইরানে হামলায় শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ অবস্থায় দেশগুলোর আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট বাতিল করা হয়। এসব দেশের মধ্যে আমিরাতও রয়েছে।

দেশটির কর্তৃপক্ষ বলেছে, এই পদক্ষেপটি আমিরাতের ‘মানবিক দৃষ্টিভঙ্গির’ প্রতিফলন, যা নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করবে।

ফ্লাইট বিলম্বিত হওয়া বা পুনর্নির্ধারিত ফ্লাইটের যাত্রীদের সহায়তা করার জন্য বিমানবন্দর এবং ‘কাস্টমার হ্যাপিনেস সেন্টারে বিশেষ টিম কাজ চালিয়ে যাচ্ছে।