ইস্তাম্বুলে তুর্কি এফ-১৬ বিমান দুর্ঘটনায় পাইলট নিহত
তুরস্কে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আরও বলা হয়, মঙ্গলবার গভীর রাতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ওই দুর্ঘটনা ঘটে।
ইস্তাম্বুল থেকে এএফপি এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বালিকেসির থেকে স্থানীয় সময় রাত ১২টা ৫৬ মিনিটে (গ্রীনিচ সময় মঙ্গলবার ২১টা ৫৬মিনিট) উড্ডয়নের পর বিমানের সঙ্গে রেডিও ও ট্র্যাকিং যোগাযোগ বন্ধ হয়ে যায়। খোঁজাখুজির পরে উদ্ধার অভিযান শুরু হলে ধ্বংসাবশেষ পাওয়া যায়।
কর্তৃপক্ষ জানায়, ‘আমাদের পাইলট শহীদ হয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করবে বিমান বিধ্বস্ত তদন্ত দল।’ এসময় পাইলটের পরিবারের প্রতিও শোক জানানো হয়।
এর আগে গত বছর নভেম্বরে প্রতিবেশী জর্জিয়ায় বিমান দুর্ঘটনার জেরে নিজেদের সি-১৩০ কার্গো বিমানের ফ্লাইট স্থগিত করে তুরস্ক। জানা যায়, আজারবাইজান থেকে ফেরার পথে বিমানটি বিধ্বস্ত হয়ে ২০ যাত্রীর সবাই নিহত হন।
মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি এফ-১৬ বিমান সাম্প্রতিক মাসগুলোতে আরও কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে।
জানুয়ারিতে তাইওয়ানে নিয়মিত অভিযান চলাকালে একটি এফ-১৬ সমুদ্রে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে পাইলট জরুরি পদ্ধতিতে বিমান থেকে বেরিয়ে আসেন। তবে পরে তার খোঁজ পাওয়া যায়নি।
এছাড়া, গত আগস্টে পোল্যান্ডে এয়ার শো’র মহড়া দেওয়ার সময় একটি এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু হয়।