বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৩ ১৪৩২, ০৮ রমজান ১৪৪৭

আন্তর্জাতিক

ডেনিস মিরালেসকে পেরুর প্রধানমন্ত্রী নিয়োগ অন্তর্বর্তী প্রেসিডেন্ট

 আপডেট: ১১:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ডেনিস মিরালেসকে পেরুর প্রধানমন্ত্রী নিয়োগ অন্তর্বর্তী প্রেসিডেন্ট

পেরুর নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জোসে মারিয়া বালকাজার গতকাল মঙ্গলবার দেশটির জন্য নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। তিনি অর্থনীতিবিদ ডেনিস মিরালেসকে এ পদে দায়িত্ব দেন।

যদিও কয়েকদিন আগে তিনি সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হার্নান্দো দে সোটোকে প্রধানমন্ত্রী করার কথা বলেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসে তিনি ডেনিস মিরালেসকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

৪৯ বছর বয়সী ডেনিস মিরালেস এর আগে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জোসে জেরির আমলে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি রাজধানী লিমার সরকারি প্রাসাদে শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

আগের সরকারের আরও ছয়জন মন্ত্রীকে তাদের নিজ নিজ পদে বহাল রাখা হয়েছে। 

এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ‘দেশের জন্য এখন প্রয়োজন শক্ত ও দৃঢ় অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংগঠিত অপরাধের বিরুদ্ধে সরাসরি ও কঠোর লড়াই এবং পেরুর প্রয়োজনীয় স্থিতিশীলতা বজায় রাখা।’
অর্থনীতিবিদ হার্নান্দো দে সোটোর জন্যও এই সিদ্ধান্ত ছিল অপ্রত্যাশিত। তিনি গতকাল মঙ্গলবার সকালে জানিয়েছিলেন, পূর্বঘোষণা অনুযায়ী তিনিই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।

কিন্তু শেষ পর্যন্ত অর্থনীতিবিদ ডেনিস মিরালেসকে  প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় বিষয়টি সবার কাছেই বিস্ময়কর হয়ে ওঠে।

নতুন মন্ত্রিসভায় আরও যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন— হুগো ডি জেলাকে পররাষ্ট্রমন্ত্রী, জেরার্ডো লোপেজকে অর্থমন্ত্রী,  হুগো বেগাজোকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মোট ১৯টি মন্ত্রণালয়ের মধ্যে পাঁচটির নেতৃত্বে থাকবেন নারী মন্ত্রীরা।

জোসে মারিয়া বালকাজার আগামী ২৮ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন এবং ১২ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী প্রার্থীর কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন।

দেশটির নির্বাচন কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার ঘোষণা করেছে, পেরুর ৩৬ জন প্রেসিডেন্ট প্রার্থী আগামী ছয় দিনে ধারাবাহিক টেলিভিশন বিতর্কে অংশ নেবেন।