বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৩ ১৪৩২, ০৮ রমজান ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেনের পক্ষে জাতিসংঘের ভোটদানে বিরত যুক্তরাষ্ট্র

 আপডেট: ১৩:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ইউক্রেনের পক্ষে জাতিসংঘের ভোটদানে বিরত যুক্তরাষ্ট্র

জাতিসংঘ সাধারণ পরিষদ গতকাল মঙ্গলবার রাশিয়ার আগ্রাসনের চতুর্থ বার্ষিকীতে ইউক্রেনের প্রতি সমর্থন প্রকাশ করেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ ভোটেদানে বিরত ছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভোটের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদ একটি প্রস্তাব পাস করেছে। প্রস্তাবে বলা হয়েছে যে তারা ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের মধ্যে ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার’ প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

প্রস্তাবের পক্ষে ১০৭টি দেশ সমর্থন জানিয়েছে। বিপক্ষে ছিল ১২টি দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রসহ ভোটদানে ৫১টি বিরত ছিল।

প্রস্তাবনায় তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতি এবং ‘ব্যাপক, ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠারও আহ্বান জানানো হয়েছে।

মার্কিন প্রতিনিধি দল ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও আন্তর্জাতিক আইনের বিষয়গুলোকে আলাদাভাবে ভোটাভুটির মাধ্যমে অন্তর্ভুক্ত করার দাবি করেছিল, কিন্তু এই প্রস্তাবটি খারিজ করা হয়েছে।

গত বছর হোয়াইট হাউসে জো বাইডেন থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের পর ইউক্রেনের প্রতি মার্কিন দৃঢ়, নিঃশর্ত সমর্থন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মার্কিন উপ-রাষ্ট্রদূত ট্যামি ব্রুস বলেছেন যে তিনি যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের আহ্বানকে স্বাগত জানান।

ট্রাম্পসহ জি৭ বিশ্ব নেতারা গতকাল মঙ্গলবার আক্রমণের চতুর্থ বার্ষিকীতে এক বিবৃতিতে ‘ইউক্রেনের প্রতি তাদের অবিচল সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন।