রাজবাড়ীতে তিন দিনব্যাপী বইমেলা শেষ
রাজবাড়ীতে তিন দিনব্যাপী বইমেলা আজ শেষ হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ী জেলা স্কুলের মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে ২০টি বইয়ের স্টল অংশ নেয়। স্টলে সাজানো বইগুলো মেলাকে সুন্দর ও জমজমাট করে তোলে।
আজ সোমবার মেলার সমাপ্তি দিনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) তারিফ উল হাসান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা রায়, জেলা রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মঞ্জুর আলম দুলাল, জেলা শিক্ষা সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি জুলফিকার আলী টিটু।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আসুন আমরা আমাদের সন্তানদের বাংলা ভাষা শেখার ব্যাপারে আন্তরিক হই। শিশুরা ভাষার দিকদিয়ে এগিয়ে গেলে আগামীতে বাংলা অগ্রসর হবে, আমাদের অফিস আদালতেও বাংলার প্রচলন হবে।
অনুষ্ঠান শেষে সেরা স্টলদাতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।