বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে
বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে সেই গাড়ি ফেরিতে তুলতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম। পাশাপাশি ফেরিতে ব্যারিয়ার লাগানো হবে বলেও জানিয়েছেন তিনি।
ঈদের পর রাজবাড়ীতে পদ্মা নদীতে একটি বাস ফেরিতে উঠতে গিয়ে হতাহতের ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।
দেশে সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারের কার্যক্রম জোরদার করতে রোববার (২৯ মার্চ) সচিবালয়ে উচ্চপর্যায়ের এক সভা শেষে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।
এসময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ফেরিতে গাড়ি ওঠার সময় অবশ্যই শতভাগ যাত্রী নামিয়ে নিশ্চিত করে ফেরিতে উঠতে হবে। ওখানে একটা ব্যারিয়ারের কথা বলা হয়েছে, ব্যারিয়ার থাকবে, যদিও এটা একটা কৌশলগতভাবে সমস্যা আছে, তো তারপরও ব্যারিয়ার থাকবে এবং বিআরটিএ এবং মালিক সমিতি তারা নিশ্চিত করছে যে যাত্রী সম্পূর্ণ নামিয়ে গাড়ি ফেরিতে উঠতে হবে।