সোমবার ১৬ মার্চ ২০২৬, চৈত্র ২ ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭

জাতীয়

নির্ধারিত সময়েই ছাড়ছে ট্রেন, রয়েছে `স্ট্যান্ডিং টিকেটের` চাপ

 প্রকাশিত: ১৫:৪১, ১৬ মার্চ ২০২৬

নির্ধারিত সময়েই ছাড়ছে ট্রেন, রয়েছে `স্ট্যান্ডিং টিকেটের` চাপ

ছুটি শুরুর আগেই যারা ভোগান্তি এড়িয়ে বাড়ি ফিরতে চেয়েছেন, রেলপথে তাদের ঈদযাত্রা তুলনামূলক 'স্বস্তিরই' হচ্ছে।

ঢাকার কমলাপুর স্টেশন থেকে প্রায় নির্ধারিত সময়েই ছাড়ছে ট্রেন। তুলনামূলক কম হলেও টিকেটের যাত্রীর বাইরে কিছুটা বাড়তি যাত্রীর চাপ রয়েছে, যারা 'অনায়াশেই’ স্ট্যান্ডিং টিকেট কিনতে পারছেন।

ঈদ উপলক্ষে সরকারি ছুটি শুরুর আগের দিন সোমবার ট্রেনে চতুর্থ দিনের ঈদযাত্রায় স্বাভাবিক চিত্রই দেখা গেছে।

এদিন সকাল থেকে বেলা ১টা পর্যন্ত প্রায় ২২টি ট্রেন ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার তথ্য দিয়েছেন স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম।

এর মধ্যে উত্তরাঞ্চলের 'নীলসাগর এক্সপ্রেস' প্রায় আধা ঘণ্টা দেরিতে ছেড়েছে, বাকিগুলো নির্ধারিত সময়েই ছেড়ে গেছে বলে দাবি তার।

ঈদযাত্রা 'স্বস্তিদায়ক' করতে রেলওয়ের 'বহুমুখী' পরিকল্পনার কথা তুলে ধরে সাজেদুল ইসলাম বলেন, এবার শেষ পর্যন্ত সবকিছু 'স্বাভাবিক থাকবে' বলেই তারা আশা করছেন।

ঈদে শেকড়ের টানে সবার আপনজনের সান্নিধ্যে ফেরার যে তাড়না, তারই প্রতিধ্বনি পাওয়া গেল কমলাপুর প্ল্যাটফর্মে অপেক্ষমান আরজান খানের কণ্ঠে।

তিনি বলেন, "বাড়ি না গেলে কী আর ঈদ হয়, যেভাবেই হোক বাড়ি যাইতেই হবে। সেজন্য একটু আগেভাগেই টিকেট কিনেছি এবার।"

সিলেটের শায়েস্তাগঞ্জের সন্তান আরজান ঢাকার মিরপুরে থাকেন, চাকরি করেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে। ঈদ উপলক্ষে ছুটি শুরু হবে মঙ্গলবার থেকে, কিন্তু 'ঝামেলা এড়াতে' স্ত্রী সন্তানদের পাঠিয়ে দিচ্ছেন, তাদেরকে ট্রেনে ওঠিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছিলেন।

তার ভাষ্য, "কাল থেকে ছুটি শুরু হলে ভিড় বাড়বে স্বাভাবিক, বউ-বাচ্চাকে তাই আগেই পাঠিয়ে দিচ্ছি। নিজেই অনলাইনে টিকেট কেটেছি, কোনো সমস্যা হয়নি।"

একই ট্রেনে ব্রাহ্মণবাড়ীয়া যাওয়ার জন্য টিকেট কেটেছেন বেসরকারি চাকরিজীবী রিয়াসাত। তিনি বললেন, "এবারতো স্টেশনের অবস্থা ভালোই মনে হচ্ছে। ঢোকার সময় কয়েকদফা টিকেট চেক করা হচ্ছে, এমন কড়াকড়ি থাকলে আমরা যারা টিকেট কেটেছি তাদের জন্যই ভালো।"

অনলাইনে টিকেট না পেয়ে একই ট্রেনের 'স্ট্যান্ডিং টিকেট কিনেছেন বিল্লাল, যাবেন ব্রাহ্মণবাড়িয়ায়।

তিনি বলেন, "অনলাইনে চেষ্টা করেও টিকেট কাটতে পারিনি। কিন্তু বাড়ি তো যেতেই হবে। তাই স্টেশনে চলে এসেছি, স্ট্যান্ডিং টিকেট পেয়ে গেছি। আজ ভিড়টিড়ও নেই, মনে হচ্ছে আরামেই চলে যাওয়া যাবে।"

ট্রেনটি সোয়া ১১টায় ছাড়ার কথা থাকলেও সাড়ে ১১টায় প্ল্যাটফর্মে দাঁড়ানো ছিল। জানতে চাইলে ট্রেনের টিটি রাকিবুল ইসলাম তখন বলেন, "রেডি করা হচ্ছে, এখনই ছেড়ে দেবে। ১০-১৫ মিনিট লেটকে আমরা লেট বলি না, এটা এমনিতেই হতে পারে।"

প্রচুর চাহিদা ও ওয়েবাসাইটে হিটের ফলে অনেক যাত্রীই অনলাইনে টিকেট কাটতে পারেননি। এরপরেও যারা যেতে চান, তাদের জন্য স্টেশন থেকে 'স্ট্যান্ডিং টিকেটের' ব্যবস্থা রয়েছে।

ট্রেন ছাড়ার আগে স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট সংগ্রহের 'বিশেষ ব্যবস্থা' রাখা হয়েছে এবার।

স্ট্যান্ডিং টিকেটের বিষয়ে টিটি রাকিবুল বলেন, "এখনো খুব বেশি চাপ পড়েনি, যারা আসছেন তারা কাউন্টার থেকে টিকেট নিয়ে প্রবেশ করছেন। দুই দফা টিকেট চেক করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে, এরপরেও কিছু মানুষতো চলেই আসে। তাদেরকে প্ল্যাটফর্মে জরিমানাসহ টিকেট দেওয়া হচ্ছে।"

প্ল্যাটফর্মে প্রবেশের অনেক আগে থেকেই বাঁশ দিয়ে অস্থায়ী গেট করে পৃথক পৃথক লাইন তৈরি করা হয়েছে। সেই গেইটে একদফা টিকেট চেক করে প্রবেশ করানো হচ্ছে যাত্রীদের।

সেখানে দায়িত্বরত একজন বলেন, "আমরা যাত্রীদের শতভাগ চেক করে ঢুকতে দিচ্ছি।"

লাইন ধরে প্ল্যাটফর্মে প্রবেশের আগ মূহুর্তে আরেক দফা টিকেট চেকিং হতে দেখা গেছে। যেখানে রেলকর্মীদের সঙ্গে ওই চেকিংয়ে যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবী স্কাউট কর্মীরা।

কমলাপুরের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, আন্তঃনগর ট্রেন আর মেইলম কমিউনিটার মিলিয়ে প্রায় ৬০টি ট্রেন ঢাকা ছাড়বে সোমবার।

ঈদ স্পেশাল ট্রেনগুলো সোমবার থেকেই চলাচল শুরু করবে বলে জানিয়েছেন তিনি।

টিকেটহীন যাত্রী ঠেকাতে রেলের ব্যবস্থাপনার কথা তুলে ধরে তিনি বলেন, "অনেক সুন্দরভাবে কিউ তৈরি করা হয়েছে। গেইটে বিনা টিকেটের যাত্রী প্রতিরোধ করতে তিন স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

“স্টেশনের যে আরো কিছু পয়েন্ট আছে, যেখান দিয়ে অবৈধ যাত্রী ঢোকার সুযোগ আছে, সেই সমস্ত জায়গায় রেলওয়ে কর্মচারী, আনসার এবং জিআরপি পুলিশ নিয়োজিত আছে। অবৈধ অনুপ্রবেশ এবং বিনা টিকেটের যাত্রী স্টেশনে ঢোকার সুযোগ নেই।"

ছাদে যাত্রী ওঠা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরে স্টেশন ম্যানেজার বলেন, "আমরা গতবার দেখেছি যে বিচ্ছিন্নভাবে শেষ পর্যায়ে এসে কিছু যাত্রী ট্রেনের ছাদে দেখা গেছে। তো আমরা এবার চেষ্টা করব যেন ট্রেনের ছাদে যাত্রী উঠতে না পারে। সে ব্যাপারে কমিটি কাজ করছে।"

উত্তরবঙ্গগামী ট্রেনগুলো ঢাকায় ফেরার সময় বিমানবন্দর স্টেশন থেকে যাত্রী উঠে পড়ার অভিযোগ পাওয়া গেছে, সেজন্য এবার কমলাপুরে স্টেশনে ফেরার সময় সেই ট্রেনগুলো বিমানবন্দরে থামবে না বলে জানান তিনি।

রেলওয়ের এই কর্মকর্তা বলেন, "আজকে ঈদ যাত্রার চতুর্থ দিন চলছে, আমাদের ট্রেনের শিডিউল একদম সঠিক আছে। শেষ পর্যন্ত আমি আশা করি যে আমাদের শিডিউল সঠিক থাকবে ইনশাল্লাহ।"