মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (১০ মার্চ) থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গত ৯ মার্চ জারিকৃত অফিস আদেশ অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারীরা ৩ শিফটে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব পালন করবেন। প্রবাসী কল সেন্টার, লিফট-৭, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকা—এই ঠিকানায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
চলমান যুদ্ধ পরিস্থিতির জন্য কোনো বাংলাদেশি অভিবাসী কর্মী মন্ত্রণালয়ের হটলাইন নম্বর +৮৮০৯৬১০১০২০৩০-এ সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবে।
জারিকৃত অফিস আদেশে আরও বলা হয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়াও অফিস আদেশে কার্যপরিধি হিসেবে উল্লেখ করা হয়েছে যে, আজ থেকে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশস্থ শ্রমকল্যাণ উইংয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন।