যাত্রাবাড়ীতে রগ কেটে যুবককে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে এক যুবককে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।
মেহেদী হাসান অপু নামের ২৫ বছর বয়সি ওই যুবক সেখানকার মাছের আড়তে কাজ করতেন।
রোববার মধ্যরাতে খবর পেয়ে তার লাশ উদ্ধারের কথা বলেছেন যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু।
সোমবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই যুবকের পায়ের রগ কাটা ছিল। এছাড়া শরীরে আরো আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত অপু ঝালকাঠির রাজাপুর থানা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।
ওসি রাজু বলেন, “মাদক কারবার নিয়ে আধিপত্যের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বিস্তারিত জানতে ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”
নিহতের ভাগিনা রিপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বলেছেন, অপু যাত্রাবাড়ীর একটি মাছের আড়তে কাজ করতেন এবং শ্রমিক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।