ঢাকা–কলকাতা কাঁপানো ৫.৪ মাত্রার ভূমিকম্প! উৎপত্তিস্থল সাতক্ষীরা |
ঢাকা-কলকাতা কাঁপানো ভূমিকম্প কী বার্তা দেয়?
শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে এবং ভারতের কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি ৫.৪ মাত্রার বা মাঝারি ভূমিকম্প ছিল। স্থানীয় সময় দুপুর ১টা ৫২ মিনিট ৪৯ সেকেন্ডে এটি অনুভূত হয় বলেও জানানো হয়েছে।
এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার দূরে খুলনার সাতক্ষীরা জেলার আশাসুনি উপজেলায় দেখানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসে এটি ৫.৩ মাত্রার বলে উল্লেখ করেছে।
এদিকে, তাৎক্ষণিকভাবে আইফোনের অ্যালার্ট সিস্টেমে এটি রিখটার স্কেলে ৫.৪ ও অ্যান্ড্রয়েড ডিভাইসে ৪.৯ মাত্রার ভূমিকম্পের তথ্য দেখা যাচ্ছিলো।বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় মাটির ৯.৮ কিলোমিটার গভীরে এটি হয়েছে বলে তথ্য দিচ্ছে ইউএসজিএস।
কলকাতা থেকে বিবিসির সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানিয়েছেন, সেখানেও শক্তিশালী কম্পন টের পাওয়া গেছে। অনেকে আতঙ্কে বিভিন্ন ভবন ছেড়ে রাস্তায় বা খোলা জায়গায় বের হয়ে যান।
উৎপত্তিস্থল আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমু বিবিসি বাংলাকে জানান, আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে দুটি মসজিদ ও একটি ব্যক্তিগত বাড়িতে ফাটলের খবর পাওয়া গেছে। আর দুটি কাঁচা ঘর হেলে পড়েছে। তবে এর বাইরে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।