শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৫ ১৪৩২, ১০ রমজান ১৪৪৭

জাতীয়

গণমাধ্যমে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত হবে জবাবদিহিতার কাঠামো নির্ধারণের মাধ্যমে : তথ্যমন্ত্রী

 প্রকাশিত: ১৭:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত হবে জবাবদিহিতার কাঠামো নির্ধারণের মাধ্যমে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাধারণ মানুষের কাছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হবে। একই সঙ্গে সাংবাদিকসহ সকল অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহির কাঠামোও নির্ধারণ করা হবে।

আজ শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউজে এক চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মন্ত্রী বলেন, সার্বিকভাবে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক রূপ দিতে চায় সরকার। তিনি জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা ও ইকোসিস্টেমে নতুন গণমাধ্যমের সঙ্গে এখনো পুরোপুরি সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় তথ্যপ্রযুক্তি নির্ভর কোনো গণমাধ্যম ছিল না। বর্তমানে যে প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের বিস্তার ঘটেছে; তাই সেগুলোর সঙ্গে খাপ খাওয়ানোর প্রক্রিয়াও সম্পন্ন হয়নি।

মন্ত্রী জানান, সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে পরামর্শ করে ধীরে ধীরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে। এর আগে তিনি বরিশাল ও পিরোজপুর জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন উপস্থিত ছিলেন।

পরে তথ্যমন্ত্রী বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।