মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৫ ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

ইসলাম

রমজানে ছয় কোটি প্যাকেট খাবার বিতরণ করবে মিসর

 প্রকাশিত: ১৫:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে ছয় কোটি প্যাকেট খাবার বিতরণ করবে মিসর

মিসরের সমাজকল্যাণ মন্ত্রণালয় পবিত্র রমজান মাসে সারা দেশে প্রায় ছয় কোটি প্রস্তুত খাবার বিতরণ করবে। সারা দেশের বিভিন্ন খাদ্য বিতরণ কেন্দ্রের মাধ্যমে এই কর্মসূচি পরিচালিত হবে। দেশটির সমাজকল্যাণ মন্ত্রী মায়া মুরসি এই তথ্য জানিয়েছেন।

মিসরীয় খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই কর্মসূচি ৬৪২টি 'আহল আল-খায়ের' খাদ্য বিতরণ কেন্দ্র এবং দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ২০টিরও বেশি স্থায়ী ও ভ্রাম্যমাণ 'মাহরুসা' রেস্তোরাঁ ও বিতরণ কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে। ২৮৬টি প্রতিষ্ঠানের অংশিদারিত্ব ও অংশগ্রহণে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। যার মধ্যে রয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন সিভিল সোসাইটি সংগঠন ও দাতব্য সংস্থা।

মুরসি জানান, 'ইতআম' (খাদ্য বিতরণ) উদ্যোগের লক্ষ্য হলো রমজান মাসে সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর জন্য প্রতিদিন গরম খাবার সরবরাহ করা। পাশাপাশি এতে অংশগ্রহণকারী রান্নাঘরগুলোতে কাজ করা নারীদের জন্য আয়ের সুযোগও সৃষ্টি হবে। মন্ত্রণালয় জানিয়েছে, রোজার মাসে যখন পারিবারিক ব্যয় সাধারণত বৃদ্ধি পায়, তখন খাদ্য সহায়তা সম্প্রসারণের বৃহত্তর রাষ্ট্রীয় প্রচষ্টোর অংশ হিসেবেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এছাড়াও, এনজিও ও সিভিল ইনস্টিটিউশন প্রকল্প সহায়তা তহবিলের মাধ্যমে 'আহল আল-খায়ের' প্রতিযোগিতা চালু করেছে মন্ত্রণালয়, যার লক্ষ্য সবচেয়ে কার্যকর খাদ্য বিতরণ পদ্ধতি নির্বাচন করা। প্রথম ধাপ ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্বিতীয় ধাপ রমজান মাসের শেষ পর্যন্ত চলবে। এনজিও, সিভিল সোসাইটি সংগঠন ও স্বেচ্ছাসেবী উদ্যোগগুলোকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।