এমপিওভুক্ত শিক্ষক বদলি: স্বামী-স্ত্রীর কর্মস্থল যাচাই হবে
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গতিশীল করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার।
এখন থেকে শিক্ষকদের স্বামী বা স্ত্রীর সরকারি চাকুরির তথ্য যাচাই করা হবে অর্থ মন্ত্রণালয়ের সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ ব্যবস্থা বা ‘আইবাস++’ সফটওয়্যারের মাধ্যমে।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সিরীন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করা হয়েছে।
এই নীতিমালার আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় খুব শীঘ্রই অনলাইনে বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
নীতিমালার অনুচ্ছেদ ৩.৮ (গ) অনুযায়ী, বদলির ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের স্বামী বা স্ত্রীর কর্মস্থল (সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান) অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করার বিধান রাখা হয়েছে।
ওই চিঠিতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যাবতীয় তথ্য বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের ‘আইবাস++’ সিস্টেমে সংরক্ষিত আছে। শুধু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করেই কোনো সরকারি কর্মচারীর বর্তমান কর্মস্থল, পদবি ও অন্যান্য তথ্য সহজেই যাচাই করা সম্ভব।
এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভুল তথ্য রোধে মাউশি-কে আইবাস++ এর সাথে যোগাযোগ করে এপিআই (এপিআই) সংযোগ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা বদলি প্রথা চালুর দাবি জানিয়ে আসছিলেন, যার প্রেক্ষিতে সরকার এই স্বয়ংক্রিয় সফটওয়্যার ভিত্তিক বদলি ব্যবস্থা চালু করতে যাচ্ছে।