শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

রাজনীতি

খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী

 প্রকাশিত: ১০:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী

খুলনার ছয়টি সংসদীয় আসনের চারটিতে বিএনপি ও দুটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়ী হয়েছেন।

এর মধ্য দিয়ে বিএনপি ও জামায়াতের দুজন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও খুলনা ১, ২, ৪, ৫ ও ৬ আসনের রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার এবং খুলনা-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের পৃথকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

খুলনা-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির আমির এজাজ খান। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এজাজ খানের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী দাঁড়িপাল্লায় পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট।

খুলনার এ আসনে মোট ভোটকেন্দ্র ১২০টি। ভোটার ৩ লাখ ৭ হাজার ১০৩ জন। ভোট পড়েছে ২ লাখ ১০ হাজার ৮৯৯টি।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. আবু সাইদ পেয়েছেন ৫ হাজার ৬১৯ ভোট ও জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬৩০ ভোট।

খুলনা-২ আসনে জামায়াতের মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল জয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ৭৮৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট।

এই আসনের ১৫৮টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৩৫ হাজার ২৪৩ জন।

অপর প্রার্থী ইসলামী আন্দোলনের আমানুল্লাহ পেয়েছেন ৭ হাজার ২৯৮ ভোট।

খুলনা-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল জয় পেয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৮৪৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ১০ ভোট।

এ আসনের ১১৬টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪০৯ জন। ভোট পড়েছে ১ লাখ ৫২ হাজার ২৪৫টি।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন মো. আবদুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭০৫ ভোট ও জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আক মামুন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭০ ভোট।

খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক এস কে আজিজুল বারী হেলাল জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট।

হেলালের নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত আন্দোলনের সাখাওয়াত হোসেন দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৩০ ভোট। হেলাল ১৩ হাজার ৬৩২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

এ আসনে মোট ১৪৫টি কেন্দ্রে ৩ লাখ ৭৮ হাজার ৪৫৩ ভোটার।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের ইউনুস আহম্মেদ শেখ হাতপাখা প্রতীকে ১৩ হাজার ৩৪৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে এসএম আজমল হোসেন ৮৫৯ ভোট পেয়েছেন।

এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৪৬ হাজার ৮১৬টি। এখানে গণভোট পড়েছে ২ লাখ ৭৩ হাজার ৮৭৯টি। এর মধ্যে হ্যাঁ ভোট ১ লাখ ৫৬ হাজার ১৪৫টি ও না ভোট ৭৫ হাজার ৬৪২টি।

খুলনা-৫ (ফুলতলা, ডুমুরিয়া ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা) আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে হারিয়ে বিএনপির আলী আসগার লবি নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়েছেন।

দাঁড়িপাল্লা প্রতীকে মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট। লাঙ্গল প্রতীকে শামীম আরা পারভীন পেয়েছেন ১ হাজার ৩১৯ ভোট।

খুলনা-৬ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৭২৪ জন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম মনিরুল ইসলাম বাপ্পী ধানের শীষে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট। মোট ১৫৬ কেন্দ্রে ভোটার ৪ লাখ ২৩ হাজার ৩৩২ জন। ভোট পড়েছে ২ লাখ ৮৮ হাজার ১৯১টি।