শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

রাজনীতি

গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির

 প্রকাশিত: ০৯:৩৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির

আওয়ামী লীগবিহীন নির্বাচনে শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জের তিনটি আসনের সবগুলোই জিতে নিয়েছে বিএনপি।

ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাত ২ টা ৩০ মিনিটে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

গোপালগঞ্জ-১ ( মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কাবির মিয়া ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট। এ আসনটিতে ১৯৯৬ সালের জুনের নির্বাচন থেকে টানা ছয়বার এমপি ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। তিনি আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন।

গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) আসনে বিএনপির কে এম বাবর ধানের শীষ প্রতীকে ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এমএইচ খান মঞ্জু হরিণ প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট । এ আসনে ১৯৮৬ সাল থেকে আটবার এমপি ছিলেন শেখ হাসিনার ফুফাত ভাই শেখ ফজলুল করিম সেলিম।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানী ধানের শীষ প্রতীকে ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নীকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র প্রামানিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট । এ আসনে ১৯৯১ সাল থেকে সাতবার সাংসদ হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।