সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে শেষ - চলছে গণনা
কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এখন চলছে ভোট গণনা। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সারাদেশের ২৯৯টি আসনে ৪২ হাজার ৯৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রয়েছে।
এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার গঠনের পথ উন্মুক্ত হয়েছে। দীর্ঘ সময় পর ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। একই সঙ্গে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে একটি গণভোটও অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়েছেন।
নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল নির্বাচনে অংশ নেয়। বিএনপি ও জামায়াতে ইসলামী প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশগ্রহণ করে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি নির্বাচনে অংশ নেয়নি।
নির্বাচনকে ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। ভোটারদের বাড়ি গিয়ে ভোট দেওয়ার সুযোগ করে দিতে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়। রাজধানীর বাস, লঞ্চ ও রেলস্টেশনে ছিল বাড়ি ফেরা মানুষের ভিড়। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ।
নির্বাচন সুষ্ঠু করতে এক লাখ সেনাসদস্যসহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ভোটকেন্দ্রে সিসিটিভি, বডি ওর্ন ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়।
এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন।
অনলাইন নিউজ পোর্টাল ২৪