মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ১৭
মিয়ানমারের পশ্চিমাঞ্চলের একটি গ্রামীণ বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে বুধবার দু’টি স্থানীয় সূত্র জানিয়েছে।
ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পাঁচ বছর আগে সেনাবাহিনী অভ্যুত্থান ঘটানোর পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এতে গণতন্ত্রপন্থী কর্মী ও দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক এলাকাগুলোতে বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে।
পশ্চিম উপকূলীয় রাখাইন রাজ্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি। জাতিগত সংখ্যালঘু সংগঠন আরাকান আর্মি প্রায় পুরো রাজ্যটির নিয়ন্ত্রণে রয়েছে। অঞ্চলটি জান্তা প্রশাসন অবরোধ করে রেখেছে ও নিয়মিত বিমান হামলা চালাচ্ছে।
আরাকান আর্মি ও একটি স্থানীয় স্বেচ্ছাসেবী গোষ্ঠীর তথ্যমতে, মঙ্গলবার রাখাইন রাজ্যের রাজধানী থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর-পূর্বে পোনাগ্যুন টাউনশিপের ইয়ো এনগু গ্রামে জান্তা বাহিনী বিমান হামলা চালায়।
এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এএফপি।
আরাকান আর্মি এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে একটি বাজারে চালানো হামলায় তিন শিশুসহ ১৭ জন ‘নিরীহ বেসামরিক’ নিহত হয়েছে।
এ সময় আরও ১৫ জন আহত হয়েছে।