লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন চালু
প্রায় ছয় মাস বন্ধ থাকার পর লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে।
শুক্রবার লেনদেনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় স্টক এক্সচেঞ্জটি। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর শুক্রবার ও শনিবার লেনদেন হয় বেক্সিমকো ফার্মার।
স্টক এক্সচেঞ্জটি বিনিয়োগকারিদের জানায়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আর্থিক প্রতিবেন প্রকাশ করেছে। এক্সচেঞ্জে তা উন্মুক্ত করা হয়েছে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আর্থিক প্রতিবেদন প্রকাশ করায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের লেনদেন চালু হয়েছে ২৬ জুন থেকে। বিনিয়োগকারীরা শেয়ার লেনদেন করতে পারছেন।’’
নির্ধারিত সময়ে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ না করায় চলতি বছরের ২ জানুয়ারি থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গ্লোবাল ডিপোজিটরি রিসিট (জিডিআর) বা শেয়ার লেনদেন স্থগিত করা হয়।
বেক্সিমকো ফার্মা ২০২৫ সালের ১৯ ডিসেম্বর প্রকাশিত এক ঘোষণায় জানায়, এআইএম রুল-১৯ অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক হিসাব নির্ধারিত সময়সীমা, অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। নিয়ম অনুযায়ী সময়মত প্রতিবেদন দাখিল করতে না পারায় ২ জানুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে লন্ডনের বাজারে কোম্পানির জিডিআর লেনদেন বন্ধ থাকবে।
সেই ঘোষণা অনুযায়ী গত সাড়ে পাঁচ মাস ধরে লন্ডনে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটের নিয়ম অনুযায়ী, কোনো সিকিউরিটিজের লেনদেন যদি টানা ছয় মাস ধরে স্থগিত থাকে, তাহলে তাদের লেনদেনের অনুমোদন বাতিল হয়ে যায়।
এই নিয়মের ফলে তালিকা থেকেই বাদ পড়ার ঝুঁকিতে পড়ে বেক্সিমকো ফার্মা।
পরে এর ‘সম্মানজনক সমাধানের’ উদ্যোগ নিতে ঢাকায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দেন কোম্পানির লন্ডনে তালিকাভুক্ত সিকিউরিটিজের ছয়জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী।
সেই প্রেক্ষাপটেই বেক্সিমকো ফার্মাকে পরিচালনা পর্ষদের সভা করতে বিশেষ অনুমোদন দেয় বিএসইসি।
তারপর গত ২৩ জুন সভা ডেকে নিরীক্ষিত বার্ষিক ও অনিরীক্ষিত প্রান্তিক আর্থিক প্রতিবেদন অনুমোদন করে প্রকাশ করে বেক্সিমকো ফার্মা।
তাতে ২০২৫ সালের জুনে শেষ হওয়া হিসাব বছরের জন্য বিনিয়োগকারিদের ৪৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে পরিচালক পর্ষদ। কোম্পানির বার্ষিক সাধারণ সভায়(এজিএম) তা পাশ হলে সিদ্ধান্তটি বাস্তবায়ন হবে।
আদালত অনুমতি দিলে এজিএমের তারিখ ঘোষণা করতে পারবে বেক্সিমকো। এজন্য রেকর্ড তারিখ ঠিক করা হয় ২ অগাস্ট। ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয় ১৫ টাকা ৫৬ পয়সা। আগের বছরে হয় ১৩ টাকা ৭ পয়সা।