বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

জাতীয়

ঈদ যাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে ট্রেন

 প্রকাশিত: ১২:০১, ১৮ মার্চ ২০২৬

ঈদ যাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে ট্রেন

ঈদের ছুটি শুরুর দ্বিতীয় দিনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের বাড়তি চাপ দেখা গেছে।

বুধবার সকাল থেকে নির্দিষ্ট সময়ে ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন ছেড়ে গেছে; এসব ট্রেনে যাত্রীসংখ্যা ছিল চোখে পড়ার মত।

সকালে কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, ভিড়ের কারণে হাতে টিকেট থাকা সত্ত্বেও, ট্রেনে উঠে নিজের আসন পেতে অনেক যাত্রী তাড়াহুড়া করছেন। প্রায় সবকটি ট্রেনেই দাঁড়িয়ে থাকা যাত্রী দেখা গেছে। এমনকি ভেতরে জায়গা না পেয়ে বেশ কিছু যাত্রীকে ট্রেনের ছাদেও উঠেছেন। এছাড়া প্রায় প্রতিটি ট্রেনই অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে।

সকাল সাড়ে ৮টায় লালমনিরহাটগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ছাড়ার কথা থাকলে পৌনে ৮টায় স্ট্যান্ডিং টিকিট নিয়ে প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলেন রাজমিস্ত্রি সোহেল রানা।

পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে লালমনিরহাট যাওয়ার জন্য ঢাকার নবাবগঞ্জ থেকে কমলাপুরে আসেন তিনি।

সোহেল রানা বলেন, "অনলাইনে ঢুকতে ঢুকতেই দেখি টিকেট শেষ। এখন স্টেশনে আইসা টিকেট নিছি, কিন্তু ভেতরে দাঁড়ানোর জায়গাও নেই। বাধ্য হয়ে ছাদে করে হলেও বাড়ি তো যাবো। ছাদে উঠেই যেতে হবে।"

একই ট্রেনের ছাদের আরেক যাত্রী তৈরি পোশাক কারখানার কর্মী মিনহাজুল ইসলাম বলেন, "ভেতরে জায়গা নাই, সেজন্য রিস্ক নিয়ে ছাদে উঠছি। বাড়ি যাইতে হলে আর কোনো বিকল্প নাই।"

তবে দৌড়ে এসে নিজের ও স্ত্রীর আসন নিশ্চিত করে স্বস্তিবোধ করেন নারায়ণগঞ্জের রুপগঞ্জের একটি চা স্টলের মালিক মোহাম্মদ আলম।

পাটগ্রামের এই যাত্রী মোহাম্মদ আলম বলেন, "এত ভিড়, ভেতরে ঢোকাই কঠিন, আবার কে সিটে বসে পরে, পরে ঝামেলা হবে, তাই দৌড়ে এসে বসছি। ট্রেন তো আগেই আসছে, আরও আধা ঘণ্টার বেশি সময় পরে ছাড়বে, সিটে বসছি, এটাই শান্তি।"

ছোট বোনকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে প্রায় এক ঘণ্টা আগে থেকে প্লাটফর্মে ঈদ স্পেশাল ট্রেনের জন্য অপেক্ষা করছেন জামালপুরের আলম নগরের বাসিন্দা

শিখা বেগম। তবে মানুষের ভিড় দেখে ট্রেনে উঠতে পারবেন কী না তা নিয়ে দুঃশ্চিন্তায় আছে তৈরি পোশাক কারখানার এই কর্মী।

তিনি বলেন, "দুর থেকে আসছি তাই আগেই পৌঁছেছি, ট্রেন শুনেছি সঠিক সময়েই আসবে তাই বসে বসে অপেক্ষায় আছি, কিন্তু যে পরিমাণ মানুষ, উঠতে পারবো কি না সেই টেনশনে আছি।"

ঈদের ছুটির দ্বিতীয় দিনে দুটি ঈদ স্পেশাল ট্রেনসহ মোট ৪৫টি আন্তঃনগর ট্রেন এবং ২১টি লোকাল ও মেইল ট্রেন ছাড়বে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশনের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হক।

ছাদে যাত্রী উঠার বিষয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেলওয়ে পুলিশ চেষ্টা করছে কেউ যেন ছাদে উঠতে না পারে।"

সকাল থেকে সাড়ে ৮টা পর্যন্ত ১২টি ট্রেনের সবগুলোই ঠিক সময়ে কমলাপুর ছেড়েছে জানিয়ে তিনি বলেন, "এখন পর্যন্ত সবগুলো ট্রেন সঠিক সময়ে ছেড়েছে। সকল যাত্রীর টিকেট আছে কী না সেটা নিশ্চিত করে প্লাটফর্মে প্রবেশ করতে দেয়া হচ্ছে। গত কয়েক দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ একটু বেশি।"

এদিকে স্টেশনের প্রবেশপথে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢোকার আগমুহূর্তে এবং প্ল্যাটফর্মে ঢোকার আগমুহূর্তে দুই স্তরে টিকেট পরীক্ষা করা হচ্ছে।

টিকেট দেখাতে পারলে কোনো ভোগান্তি নেই, তবে বিনা টিকেটে কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

একই সঙ্গে স্টেশনে ঢুকতে প্রবেশমুখে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।