বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

জাতীয়

প্রধান জামাত ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫ জামাত

 প্রকাশিত: ১১:৫৫, ১৮ মার্চ ২০২৬

প্রধান জামাত ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫ জামাত

এবারের ঈদুল ফিতরে দেশের প্রধান ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক এ জামাতে ইমামতি করবেন।

বিকল্প ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও পাঁচটি ঈদ জামাত হবে।

ঈদের দিন সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে এসব জামাত হবে।

প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন।

বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরীয়ান মাওলানা শহীদুল ইসলাম।

চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার বা শনিবার বাংলাদেশে রোজার ঈদ হবে।