মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রাজিলের নতুন জলবায়ু পরিকল্পনায় বন সুরক্ষাকে অগ্রাধিকার

 প্রকাশিত: ১৩:৫৬, ১৭ মার্চ ২০২৬

ব্রাজিলের নতুন জলবায়ু পরিকল্পনায় বন সুরক্ষাকে অগ্রাধিকার

গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে বন সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে নতুন জাতীয় জলবায়ু পরিকল্পনা উন্মোচন করেছে ব্রাজিলের নেতারা। ব্রাসিলিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

লাতিন আমেরিকার এই দেশ ২০০৮ সালের পর প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মূল কর্মসূচি হালনাগাদ করল। 

নতুন এই পরিকল্পনায় ২০৩৫ সাল পর্যন্ত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ওই সময়ের মধ্যে উল্লেখযোগ্যভাবে নির্গমন কমানোর আশা করছে দেশটি।

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বামপন্থী সরকার ২০০৫ সালের তুলনায় গ্রিনহাউস গ্যাস নির্গমন ৬৭ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে।

ব্রাজিলে মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের ৪০ শতাংশই বন উজাড়ের কারণে হয়ে থাকে। কৃষি জমি বাড়ানোর জন্য অনেক সময় গোপনে গাছ কাটা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। লুলা ২০৩০ সালের মধ্যে বন উজাড় শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে বন্যা, দাবানল ও খরার মতো চরম আবহাওয়ার দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাজিল। বিশেষজ্ঞরা এই সবের পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখছেন।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মারিনা সিলভা বলেন, ‘আমরা খুবই গুরুতর জলবায়ু জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি।’ এদিকে এনজিও নেটওয়ার্ক ক্লাইমেট অবজারভেটরির ক্লদিও অ্যাঞ্জেলো নতুন পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। 

তিনি বলেন, এতে জলবায়ু লক্ষ্যমাত্রার অর্থায়নের জটিল বিষয়টি সমাধানের উদ্যোগ দেখা যাচ্ছে।

তবে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে যে অর্থনৈতিক রূপান্তর প্রয়োজন, সে তুলনায় এই পরিকল্পনা অনেকটাই অপর্যাপ্ত বলে মন্তব্য করেন তিনি।