যেসব লক্ষণ বলে দিবে আপনি অতিরিক্ত চিনি খাচ্ছেন!
অনেক সময় আমরা নিজেদের অজান্তেই প্রয়োজনের তুলনায় অনেক বেশি চিনি খেয়ে ফেলি। শুধু চা-কফি বা মিষ্টি নয়, কোমল পানীয়, প্রসেসড খাবার, এমনকি কিছু ‘হেলদি’ খাবারেও লুকিয়ে থাকে অতিরিক্ত চিনি।
এর প্রভাব ধীরে ধীরে শরীর ও মনের ওপর পড়তে শুরু করে। শরীরের কিছু লক্ষণ অনেক সময় অতিরিক্ত চিনি খাওয়ার সতর্ক সংকেত হতে পারে। জেনে নিন এমন ৮টি লক্ষণ, যা বলে দিতে পারে আপনার খাদ্যতালিকায় চিনি বেশি হয়ে যাচ্ছে।
অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, স্থূলতা, হৃদরোগসহ নানা জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই শরীরের এসব ছোট ছোট সংকেতকে অবহেলা না করে এখন থেকেই খাদ্যাভ্যাসে সচেতন হওয়া জরুরি।
১. সবসময় ক্লান্তি অনুভব করা:
অনবরত ক্লান্ত বা অবসাদগ্রস্ত বোধ করা অতিরিক্ত চিনি খাওয়ার একটি লক্ষণ হতে পারে।
২. ঘুমের সমস্যা:
খারাপ বা অনিয়মিত ঘুমের অভ্যাসের পেছনেও অতিরিক্ত চিনি খাওয়া দায়ী হতে পারে।
৩. ঘন ঘন প্রস্রাবের বেগ:
অতিরিক্ত চিনি আপনার কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে, যার ফলে ঘন ঘন প্রস্রাবের বেগ হয় এবং এর কারণে পরবর্তীতে আপনার শরীরে পানিশূন্যতা দেখা দেয়।
৪. স্বাদের অনুভূতি কমে যাওয়া:
অধিক পরিমাণে চিনি গ্রহণ আপনার স্বাদকোরক বা টেস্ট বাড-কে সংবেদনহীন করে তোলে। এর মানে হলো, সাধারণ মিষ্টি খাবারও আগের মতো আর বেশি মিষ্টি লাগবে না।
৫. মেজাজের ঘন ঘন পরিবর্তন:
রক্তে শর্করার মাত্রা হুট করে বেড়ে যাওয়া এবং পরে তা আবার হঠাৎ নেমে যাওয়ার (সুগার হাই অ্যান্ড ক্র্যাশ) কারণে আপনার মেজাজের ওপর প্রভাব পড়তে পারে; যা খিটখিটে মেজাজ, উদ্বেগ কিংবা মানসিক ও আবেগীয় উত্থান-পতনের কারণ হয়ে দাঁড়ায়।
৬. মস্তিষ্কে ধোঁয়াশা বা মনোযোগের অভাব:
অতিরিক্ত চিনি খাওয়ার ফলে শরীরের শক্তির আকস্মিক পতন এবং অভ্যন্তরীণ প্রদাহের সৃষ্টি হয়, যা আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা, স্মৃতিশক্তি এবং মানসিক স্পষ্টতাকে ব্যাহত করতে পারে।
৭. ক্ষুধা না মেটা:
চিনি থেকে আমাদের শরীর কেবল 'খালি ক্যালোরি' পায়, এতে পেট ভরিয়ে রাখার মতো পর্যাপ্ত ফাইবার বা প্রোটিন থাকে না। এটি ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের কার্যক্রমেও ব্যাঘাত ঘটাতে পারে।
৮. মিষ্টি খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হওয়া:
চিনি আমাদের মস্তিষ্কে এক ধরণের বিশেষ তৃপ্তির অনুভূতি তৈরি করে। তাই প্রচুর পরিমাণে চিনি বা মিষ্টি খাবার খেলে এটি একটি চক্রের সৃষ্টি করে, যার ফলে আপনার বারবার আরও বেশি মিষ্টি খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জাগে।