দৌলতদিয়ায় বাসডুবি: বাস চালক, সুপারভাইজার ও সহকারী গ্রেপ্তার
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় বাস চালক, সুপারভাইজার ও সহকারীর বিরুদ্ধে মামলা করেছে নৌ-পুলিশ।
মামলার পরদিন শনিবার তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন গোয়ালন্দঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে বাসডুবির ঘটনায় রাতেই দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলাটি করেন।
গ্রেপ্তাররা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর এলাকার বাসচালক মো. ঝন্টু আলী (৪৮), সুগ্রীবপুর এলাকার সুপারভাইজার মো. আজমল হোসেন (৩৮) এবং চালকের সহকারী আলামপুর এলাকার শাকিব হোসেন (২২)।
মামলার বরাতে সফিকুল ইসলাম বলেন, ঘটনার দিন সকালে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ৭ নম্বর ফেরিঘাট এলাকায় আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করছিলেন। সকাল ৯টা ২৫ মিনিটে মেহেরপুরের গাংনী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের একটি বাস ফেরিঘাটে পৌঁছায়।
সরকারি নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার জন্য চালককে নির্দেশ দেন নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। নির্দেশনা মেনে যাত্রীরা বাস থেকে নেমে হেঁটে ফেরির দিকে যেতে থাকেন।
এর কিছুক্ষণ পর চালক ঝন্টু আলী বেপরোয়া ও অবহেলামূলকভাবে বাসটি চালাতে শুরু করলে নির্ধারিত ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরে’ না তুলে দ্রুতগতিতে পন্টুন অতিক্রম করে সেখানে অবস্থানরত ‘করবী অক্সফ্যাম’ ফেরিতে উঠে পড়ে।
এ সময় ফেরিটির শেষ প্রান্তের র্যাম্পে সজোরে ধাক্কা দিলে শিকল ও ছিটকিনি ছিঁড়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায় বলে জানান ওসি সফিকুল ইসলাম।
তিনি বলেন, বাসটি নদীতে পড়ে যাওয়ার আগে সুপারভাইজার ও হেলপার লাফ দিয়ে ফেরিতে নেমে যান। অন্যদিকে চালক সাঁতরে পন্টুনের কাছে এলে নৌ পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
দুর্ঘটনায় ‘করবী অক্সফ্যাম’ ফেরির র্যাম্প, ক্যাবল ও শিকল ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি যাত্রীদের ব্যাগ ও মালামালের একটি অংশ পানিতে ভিজে, ডুবে বা হারিয়ে যায়। সব মিলিয়ে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
ওসি সফিকুল ইসলাম বলেন, মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তিনজনকে আদালতে পাঠানো হয়।