ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ মাসের ফিলিস্তিনি শিশু নিহত
ইসরায়েলি বাহিনীর গুলিতে পশ্চিম তীরে সাত মাসের এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় তার মা-বাবার আহত হওয়ার তথ্যও দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলেছে, শিশুটি তার মা-বাবার সঙ্গে একটি গাড়িতে ছিল। হেবরন শহরের কাছে তাদের গাড়ি লক্ষ্য করে এক ইসরায়েলি সেনা গুলি চালায়। এতে শিশুটি নিহত হয় এবং তার বাবা-মা আহত হন।
শিশুটির দাদি ফিরইয়াল আবু হাইকাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, একটি গুলি এসে আঘাত করলে শিশুটির মৃত্যু হয়।
“ঘটনাটি অবিশ্বাস্য; কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা নিজেদের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছি, শুধু এ কারণেই আমাদের ভুগতে হচ্ছে।”
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী— আইডিএফ এক বিবৃতিতে দাবি করেছে, সেনারা ভেবেছিল, একটি গাড়ি তাদের দিকে দ্রুত গতিতে আসছে। এরপর এক সেনা গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।
আইডিএফ স্বীকার করেছে যে, গাড়িতে থাকা ব্যক্তিরা বেসামরিক ছিলেন।
ইসরায়েলি বাহিনীর হাতে এ ধরনের হতাহতের ঘটনা আগেও ঘটেছে। গত মার্চে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি পরিবারের চার সদস্য ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়। এদের মধ্যে ৫ ও ৭ বছর বয়সী দুই শিশুও ছিল।