ওষুধ খেয়ে ঋতুস্রাব বন্ধ রাখা যাবে?
আমার স্বামী একজন প্রবাসী। তিনি কয়েক বছর পর কয়েক মাসের জন্য দেশে আসেন। স্বাভাবিকভাবে সে সময়ে তার স্ত্রী-সাণ্নিধ্যের চাহিদা বেশি থাকে। তাই স্বামী দেশে থাকার সময় আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে ঋতুস্রাব বন্ধ রাখি।
আমার জিজ্ঞাসা হলো, ঋতুস্রাবের দিনগুলোতে ওষুধ খেয়ে তা বন্ধ রাখলে স্বামীর সাথে তার মেলামেশা কি বৈধ হবে? আর সেই সময় আমার নামাজ ও রোজার হুকুম কি হবে?
প্রাজ্ঞ আলেমরা বলেন, ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখলেও যতদিন ঋতুস্রাব না আসবে ততদিন সে পবিত্র থাকবে। বন্ধের দিনগুলো পূর্বের অভ্যাস অনুযায়ী মাসিকের দিনগুলোর মধ্যে পড়লেও বাস্তবে স্রাব না দেখা গেলে তাতে ঋতুস্রাবের বিধি-বিধান প্রযোজ্য হবে না। তাই ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখার পর পরবর্তী স্রাব আসার আগ পর্যন্ত স্বামীর সাথে মেলামেশা বৈধ হবে এবং নামাজ-রোজাও স্বাভাবিকভাবে আদায় করতে হবে। এই দিনগুলো ঋতুস্রাব মুক্ত স্বাভাবিক দিন হিসেবেই গণ্য হবে। এই সময়ে নামাজ-রোজা ছাড়াও কোরআন তিলাওয়াতসহ অন্যসব ইবাদতও করা যাবে।
উলে্লখ্য, ওষুধ খেয়ে ঋতুস্রাব বন্ধ রাখা শরিয়তের দৃষ্টিতে নাজায়েজ নয়, তবে এই জাতীয় ওষুধ অনেক সময় নারীর স্বাস্থ্য ও প্রজনন ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে, তাই আলেম ও চিকিৎসক উভয় শ্রেণি এমনটি করতে নিরুৎসাহিত করেন। মনে রাখা উচিত, ঋতুচক্রের সময় স্বামীর জন্য সহবাস ছাড়া স্ত্রীর সঙ্গে অন্যসব ধরনের মেলামেশা বৈধ। (মাবসুতে সারাখসি : ৩/১৫১; বাদায়িউস সানায়ে : ১/১৫৩; আল মাজমু : ৩/১১)
আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।