বুধবার ১৭ জুন ২০২৬, আষাঢ় ৩ ১৪৩৩

ব্রেকিং

জাতীয়

পাঁচ জেলায় বন্যার শঙ্কা

 প্রকাশিত: ১৭:৩১, ১৭ জুন ২০২৬

পাঁচ জেলায় বন্যার শঙ্কা

বৃষ্টিপাত বেড়ে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

বুধবার (১৭ জুন) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং উজানে ভারতের মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা প্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৫ দিন দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে মাঝারি ভারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

প্রধান অববাহিকার তথ্য:
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামী ২ দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ৩ দিন বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী ৫ দিন স্থিতিশীল থাকতে পারে; তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী ১ দিন হ্রাস পেতে পারে এবং পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ে নদীসমূহ সিলেট ও সুনামগঞ্জ জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

অন্যান্য অববাহিকার তথ্য:
উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে; অপরদিকে ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে। উক্ত নদীসমূহের পানি সমতল আগামী ১ দিন স্থিতিশীল এবং পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুলাই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে কংস নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। উক্ত নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ে নদীসমূহ নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।