এ ধরনের যুদ্ধ কারও জন্য মঙ্গলকর নয়: পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত নিয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বন্ধু রাষ্ট্র হিসাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
ফিলিস্তিনে ইসরায়েলের ভূমি দখল প্রশ্নে ওআইসির নির্বাহী কমিটির বিশেষ সভা থেকে ফিরে এসে শুক্রবার মধ্যরাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদেরকে প্রশ্নের উত্তর দেন তিনি।
এক প্রশ্নে মন্ত্রী বলেন, "এটা একটা দুঃখজনক ব্যাপার। আমরা প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলছি না, আমরা আমাদের মতন করে বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি যে, এ ধরনের যুদ্ধ কারও জন্য মঙ্গলকর নয়।"
সৌদি আরবের জেদ্দায় ওই সভার ফাঁকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক হয়েছে খলিলুর রহমানের। তবে, চলমান সংঘাত নিয়ো সোখানে আলোচনার বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ২২ ফেব্রুয়ারি রাতে আফগানিস্তানের নঙ্গরহর এবং পকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার পর থেকেই দুই দেশের উত্তেজনা ছড়িয়েছিল। ২৪ ফেব্রুয়ারি রাত থেকে বিক্ষিপ্তভাবে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ।
এরপর বৃহস্পতিবার রাত থেকে ডুরান্ড লাইনের বিভিন্ন এলাকায় কামান, মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, সাঁজোয়া গাড়ি বহর নিয়ে কার্যত মুখোমুখি লড়াই করেছে পাকিস্তানের সেনা এবং আফগানিস্তানের তালেবান বাহিনী।
উভয় পক্ষই ভারী ক্ষয়ক্ষতির দাবি করেছে এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তার দেশ প্রতিবেশীর সঙ্গে 'সরাসরি যুদ্ধে' লিপ্ত।
বন্ধু দেশগুলো দুই পক্ষকেই সংঘাত থেকে সরে এসে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। আফগানিস্তান বলছে, তারা আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।