শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৬ ১৪৩২, ১১ রমজান ১৪৪৭

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার ইস্টার হামলায় সাবেক গোয়েন্দা প্রধান আটক

 আপডেট: ১৩:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

শ্রীলঙ্কার ইস্টার হামলায় সাবেক গোয়েন্দা প্রধান আটক

শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধানকে ইস্টার সন্ত্রাসী হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

কলম্বো থেকে এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার শ্রীলঙ্কান পুলিশ জানায়, প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে কঠোর সন্ত্রাসবিরোধী আইন (পিটিএ) অনুযায়ী সাবেক সেনা মেজর জেনারেল সুরেশ সাল্লেকে ৯০ দিনের জন্য আটক রাখার আদেশে সই করেছেন।

বুধবার সাল্লেকে গ্রেপ্তার করা হয়। ইস্টার হামলার দীর্ঘ তদন্তে এটাই সবচেয়ে শীর্ষ পর্যায়ের গ্রেপ্তারের ঘটনা। 

২০১৯ সালের ভয়াবহ ওই হামলায় ২৭৯ জন নিহত এবং আহত হন প্রায় ৫শ’ জন। নিহতদের মধ্যে ৪৫ জন বিদেশি নাগরিকও ছিলেন।

২০১৯ সালের ২১ এপ্রিল নয়জন আত্মঘাতী জঙ্গি একযোগে ওই হামলা চালায়। লক্ষ্য ছিল দুটি রোমান ক্যাথলিক গির্জা, একটি ইভানজেলিক্যাল প্রোটেস্ট্যান্ট গির্জা এবং তিনটি বিলাসবহুল হোটেল।

পুলিশের মুখপাত্র বলেন, ‘প্রেসিডেন্ট গতরাতে ডিওতে স্বাক্ষর করেছেন। এর ফলে প্রাথমিক তিন দিনের পর সাল্লেকে আরও ৯০ দিন হেফাজতে রাখা যাবে।’

পিটিএ আইনে অভিযুক্তদের দীর্ঘ সময় চার্জশিট ছাড়াই আটক রাখা যায়। এমনকি আদালতও এ আইনে আটক ব্যক্তিকে জামিন দিতে পারে না।

বিরোধী দলগুলো সাল্লের গ্রেপ্তারকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছে। তবে শ্রীলঙ্কার ক্যাথলিক চার্চ এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, তদন্তে যেন কোন রাজনৈতিক হস্তক্ষেপ না হয়।

চার্চ এর আগে অভিযোগ করেছিল, সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ক্ষমতায় এসে হামলার তদন্তকে বাধাগ্রস্ত করেছেন। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রাজাপাকসে হামলার দুদিন পরই নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেন এবং ইসলামপন্থী জঙ্গিবাদ দমনের প্রতিশ্রুতি দিয়ে নভেম্বরের নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হন।