ক্যালিফোর্নিয়ায় তুষারধসের পর ৮ স্কিয়ারের লাশের সন্ধান
ক্যালিফোর্নিয়ার লেক তাহো অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় অনুসন্ধান চালিয়ে আট স্কিয়ারের মরদেহের সন্ধান মিলেছে।
উদ্ধারকারী দল জানিয়েছে, মঙ্গলবারের তুষারধসের পর থেকে তারা নিখোঁজ ছিলেন।
বিবিসি লিখেছে, নিখোঁজ থাকা শেষ ব্যক্তির খোঁজ এখনও চলছে। নেভাডা কাউন্টির শেরিফ শ্যানান মুন বুধবার সংবাদ সম্মেলন করে বলেছেন, সেই ব্যক্তিরও মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের একজন ছিলেন অনুসন্ধান ও উদ্ধারকারী দলের এক সদস্যের স্ত্রী, যা উদ্ধার কার্যক্রমকে ‘মানসিকভাবে অত্যন্ত কঠিন’ করে তুলেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার (পিএসটি) দিকে ক্যাসল পিক এলাকায় একটি ‘ফুটবল মাঠ’ আকারের তুষার নেমে আসে। এতে ১৫ জন স্কিয়ার নিখোঁজ হন। তাদের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।
প্লেসার কাউন্টির শেরিফ ওয়েইন উ বলেন, “এই কঠিন সময়ে আমি পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র বৈরী আবহাওয়ার কারণে মৃত আট স্কিয়ারের মরদেহ এখনও বরফের নিচে আটকে রয়েছে এবং এখনই উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
তাহো ন্যাশনাল ফরেস্টের সুপারভাইজার ক্রিস ফিউট্রিয়ার জানান, তুষারধসের পর ওই এলাকায় আরও প্রায় ৩ ফুট বরফ পড়েছে। এখনও উচ্চমাত্রায় ঝুঁকি রয়েছে।
মরদেহগুলো উদ্ধার করা হলে সেগুলো প্লেসার কাউন্টির মর্গে নেওয়া হবে। নিহতদের পরিবারের সদস্যদের ইতোমধ্যে তাদের অবস্থা জানানো হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনো তাদের নাম প্রকাশ করেনি।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।
শেরিফ উ জানান, উদ্ধার অভিযানটি ছিল দুটি দলের যৌথ উদ্যোগ, যাতে প্রায় ৫০ জন অংশ নেন। তাদের বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ‘চরম আবহাওয়া পরিস্থিতির’ সঙ্গে মোকাবিলা করতে হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় অনুসন্ধানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ওই স্থানটি তাঁবুতে আশ্রয় নেওয়া জীবিতদের অবস্থান থেকে প্রায় দুই মাইল (৩.২ কিলোমিটার) দূরে। সেখান থেকে উদ্ধারকারীদের যেতে হয় স্কি করে।
শেরিফ মুন বলেন, জীবিত উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে দুজনকে বহন করে ফিরিয়ে আনতে হয়, কারণ তুষারধসে আহত হওয়ায় তারা হাঁটতে পারছিলেন না। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাদের মৃত্যুঝুঁকি নেই।
জীবিতদের মধ্যে একজন ছিলেন গাইড এবং বাকি পাঁচজন ছিলেন ব্ল্যাকবার্ড মাউন্টেনের গাইডেড ট্যুরের গ্রাহক।
পুরো স্কি দলে ছিলেন ১১ জন স্কিয়ার এবং চারজন স্কি গাইড। তিন দিনের সফর শেষে ফেরার পথে মঙ্গলবার তারা তুষারধসের কবলে পড়েন।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের দপ্তর এক্স পোস্টে জানিয়েছে, রাজ্য কর্তৃপক্ষ স্থানীয় জরুরি দলের সঙ্গে সমন্বয় করে ‘অনুসন্ধান ও উদ্ধার অভিযান’ পরিচালনা করছে।
বুধবারও সেখানকার পরিস্থিতি বিপজ্জনক ছিল বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন। শেরিফ উ আবহাওয়াকে ‘ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ’ হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, “দয়া করে দুর্গম এলাকায় যাবেন না। মরদেহগুলো তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে আমাদের পুরো সক্ষমতা যাতে সেদিকে দিতে পারি, সেই সুযোগ দিন।”
সিয়েরা অ্যাভালানশ সেন্টারের তথ্য অনুযায়ী, ধ্বংসাত্মক ক্ষমতার নিরিখে তুষারধসটি (ডি১ থেকে ডি৫ এর মধ্যে) ডি২.৫ মাত্রার ছিল। অর্থাৎ এটি আধা মাইলের বেশি বিস্তৃত এবং প্রায় ৬.৫ ফুট (২ মিটার) গভীর বরফস্তর সৃষ্টি করতে সক্ষম।
ঘটনাস্থলের নিকটবর্তী বোরিয়াল মাউন্টেন স্কি রিসোর্ট জানিয়েছে, মঙ্গলবার থেকে সেখানে ৩০ ইঞ্চির (৭৬ সেন্টিমিটার) বেশি তুষারপাত হয়েছে।
প্রবল বাতাস এবং স্বল্প দৃশ্যমানতার কারণে রিসোর্টটি মঙ্গলবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঝড়ের কারণে ইন্টারস্টেট ৮০, হাইওয়ে ৫০সহ একাধিক মহাসড়কও বন্ধ হয়ে গেছে।