ঈদের ছুটিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ
আসন্ন ঈদুল ফিতরের ছুটিকালীল সময়ে দেশের সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
ছুটির সময়ে প্রতিষ্ঠানের মূল্যবান ল্যাবরেটরি, ওয়ার্কশপ ও সামগ্রিক স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক আদেশে গতকাল এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত কারিগরি অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই ছুটিকালীন সময়ে প্রতিষ্ঠানের ভবন, ওয়ার্কশপ, ল্যাবরেটরি ও অন্যান্য স্থাপনার সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এতে আরও বলা হয়, নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য জনবলের সুনির্দিষ্ট ‘ডিউটি রোস্টার’ প্রস্তুত করে তা বাস্তবায়নের করতে হবে। একই সঙ্গে প্রস্তুতকৃত রোস্টার অনুযায়ী কার্যক্রম গ্রহণপূর্বক অধিদপ্তরকে দ্রুত অবহিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।