যাত্রাবাড়ীর মামলাতেও খায়রুল হকের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’
রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাই কোর্ট।
তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত।
খায়রুল হকের আবেদনের শুনানি করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা ও মো. জাহাঙ্গীর হোসেন।
আদেশের পর সাঈদ আহমেদ রাজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজকের যাত্রাবাড়ীর মামলাটিসহ মোট আটটি মামলায় তিনি জামিন পেলেন। তার বিরুদ্ধে আর কোনো পেন্ডিং মামলা নেই এবং নতুন কোনো মামলায় তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট দেখানো হয়নি। ফলে আপাতত তার কারামুক্তিতে কোনো বাধা নেই।"
এ আইনজীবী বলেন, "আমরা জামিন করালেই নতুন মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়। এর আগেও হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পর আমরা দেখেছি, একদিন আগের পুরনো তারিখে তাকে নতুন করে অ্যারেস্ট দেখানো হয়েছিল। এবারও যদি তারা এমন কিছু করে বসে, তাহলে তো সেটি আমাদের আগে থেকে জানার কোনো সুযোগ নেই।"