দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী দীপু মনিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরদিনই আবার মুন্সীগঞ্জ কারাগারে নেওয়া হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মুন্সীগঞ্জ কারাগারে নেওয়ার কথা জানিয়েছেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুন্সীগঞ্জ কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রোববার রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার এলার্জি বেড়ে যাওয়ায় মুখ ফুলে যায়। মধ্যরাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”
এ বন্দির বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা রয়েছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসা এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে আবারও মুন্সীগঞ্জ কারাগারে নেওয়া হয়েছে।
দীপু মনির কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে বলে জানান কারা অধিদপ্তরের এ কর্মকর্তা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের মাসেই ১৯ অগাস্ট গ্রেপ্তার হন দীপু মনি। হত্যা, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার বিভিন্ন অভিযোগে দীপু মনির বিরুদ্ধে প্রায় ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি জামিন পেয়েছেন।