এইচএসসি: কেন্দ্রের আশেপাশে চলাচল নিষিদ্ধ
এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ২০০ গজের মধ্যে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।
মঙ্গলবার ডিএমপির পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি দিয়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
আগামী ২ জুলাই থেকে পরীক্ষা শুরু হতে চলেছে। এবারের এইচএসসি পরীক্ষায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডিএমপি বিজ্ঞপ্তিতে বলেছে, কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করেন।
"ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।"
এই আদেশ ২ জুলাই থেকে থেকে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে পুলিশ।
প্রথম দিন হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। ২ জুলাই থেকে শুরু হয়ে ৮ অগাস্ট পর্যন্ত চলবে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা। আর ১৫ অগাস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা হবে।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। প্রথম ৩০ মিনিট হবে বহুনির্বাচনি পরীক্ষা, শেষ আড়াই ঘণ্টা হবে রচনামূলক।