মঙ্গলবার ৩০ জুন ২০২৬, আষাঢ় ১৬ ১৪৩৩

জাতীয়

শহীদ মিনারে রাষ্ট্রীয় শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে বিদায়

 প্রকাশিত: ১৩:৫৮, ৩০ জুন ২০২৬

শহীদ মিনারে রাষ্ট্রীয় শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে বিদায়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে রাষ্ট্রীয় শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা ৪৫ মিনিটে এস আই সাইফুল আলমের নেতৃত্বে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। সে সময় বিগিউলে বেজে ওঠে করুণ সুর।

পরে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার জন্য নেওয়া হয়। এরপর চারুকলা অনুষদ ও চ্যানেল আই প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে এই চারুশিল্পীকে দাফন করা হবে।

এর আগে সকাল ৯ টায় বিটিভি তার জানাজা হয়েছে। সেখান থেকে বেলা ১১টায় মুস্তাফা মনোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে সেখানে শিল্পী, সাহিত্যিক, নাট্যশিল্পী, নির্দেশক, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের ঢল নামে।

দীর্ঘ কর্মজীবনে শিল্প-সংস্কৃতিতে তার অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এই সব্যসাচী শিল্পীর মৃত্যু হয়। মুস্তাফা মনোয়ারের বয়স হয়েছিল ৯১ বছর।

সবশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

অবস্থার কিছুটা উন্নতি দেখে কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল। কিন্তু পরে শারীরিক অবস্থার আবার অবনতি হলে তাকে ফের ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। সেখান থেকে তাকে আর ফেরানো যায়নি।