সোমবার ১৬ মার্চ ২০২৬, চৈত্র ২ ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭

জাতীয়

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

 প্রকাশিত: ১৮:৫৯, ১৬ মার্চ ২০২৬

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান পদে রদবদল এসেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন পদার্থবিজ্ঞানের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, যিনি এতদিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক মো. আল ফোরকান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হচ্ছেন অধ্যাপক রইসউদ্দিন। আর অধ্যাপক সিদ্দিকুর রহমান খানকে দেওয়া হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম খানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য করা হয়েছে। এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক মো.মাসুদ।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন ইউজিসি চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের নাম ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর বর্তমান সভাপতি এবং বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে তিনি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

২০২৪ সালের অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর পরিবর্তনের হাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পান ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। নির্বাচনের দুদিন আগে, গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা বলেন তিনি।

বিএনপি সরকার গঠনের ছয় দিনের মাথায় গত ২২ ফেব্রুয়ারি অধ্যাক নিয়াজ উপাচার্যের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। তবে নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনে তিনি বিএনপির মনোনয়ন পেতে পারেন বলেও আলোচনা ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক ও ১৯৮৮ সালে স্নাতকোত্তর করে ওবায়দুল ইসলাম একই শিক্ষায়তনে শিক্ষকতায় যোগ দেন। ১৯৯৯ সালে জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি।

অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর অধ্যাপক ওবায়দুল ইসলামকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছিল। দল ক্ষমতায় আসার পর এখন তিনি ভিসি হয়ে নিজের বিশ্ববিদ্যালয়ে ফিরছেন।

ইউজিসি

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজকে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিল।

‘শারীরিক অসুস্থতার’ কারণ দেখিয়ে সোমবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। এর কয়েক ঘণ্টা পর ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের নাম ঘোষণা করা হয়।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক মামুন আহমেদ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি।

১৯৬৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা মামুন আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর ১৯৯৬ সালে তিনি প্রভাষক হিসেবে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগে যোগ দেন। ওই বছরই নিহন ইউনিভার্সিটিতে মলিকুলার ভাইরোলজিতে তার পিএইচডি শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদ জাতীয়তাবাদী দল সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও হয়েছিলেন।

অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের দায়িত্ব পান।