বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

খেলা

বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

 প্রকাশিত: ১১:৪৯, ১২ মার্চ ২০২৬

বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

ইরানের ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তারা কোনোভাবে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেন না।

মার্কিন প্রেসিডেন্ট ডনান্ড ট্রাম্প ইরান দলকে বিশ্বকাপে স্বাগত জানাবেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এমন বক্তব্যের পর বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে বিশ্বকাপে ‘না খেলার’ ঘোষণা দেন ইরানের ক্রীড়ামন্ত্রী।

“এই দুর্নীতিগ্রস্ত সরকার (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে, সেটা বিবেচনা করে কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি না।”

“ইরানের বিরুদ্ধে নেওয়া বিদ্বেষপূর্ণ পদক্ষেপের কারণে আমরা আট বা নয় মাসের মধ্যে দুটি যুদ্ধ লড়তে বাধ্য হয়েছি এবং আমাদের হাজার হাজার নাগরিক নিহত হয়েছে। তাই এই পরিস্থিতিতে আমাদের (বিশ্বকাপে) অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হবে ২০২৬ বিশ্বকাপ।

গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানে অতর্কিত হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ উচ্চপদস্থ অনেক কর্মকর্তা প্রাণ হারান। সেই থেকে প্রতিশোধ নিতে ইসরায়েলসহ আশেপাশে দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।

এর প্রভাব জোরালভাবে পড়েছে ক্রীড়াঙ্গনেও।