ভোলার গ্যাস দিয়ে দক্ষিণাঞ্চলে পরিকল্পিত শিল্প-কলকারখানা গড়ে তোলা সম্ভব : তথ্যমন্ত্রী
ভোলার প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চলে পরিকল্পিতভাবে শিল্প কলকারখানা গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
তিনি বলেন, ‘যেকোনো বড় বিনিয়োগের প্রথম শর্তই হলো জ্বালানি অবকাঠামো ও নিরাপত্তা। দক্ষিণ অঞ্চলে জ্বালানি সম্পদ বিদ্যমান থাকায় এ অঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের বিশাল সুযোগ তৈরি হয়েছে।’
আজ শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে ‘বরিশাল জেলা সমিতি, ঢাকা’ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সমিতির সভাপতি ড. এনায়েত করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এমপি এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ও স্ট্র্যাটেজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ভোলায় যে গ্যাস আছে, এই গ্যাসকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে আমরা নতুন শিল্প কলকারখানার কথা গুরুত্ব দিয়ে চিন্তা করতে পারি। বিনিয়োগকারীরা যেকোনো অঞ্চলে বিনিয়োগ করার আগে মূলত দুটি জিনিস চায়-রাজনৈতিক স্থিতিশীলতা এবং জ্বালানি নিরাপত্তা। যেহেতু দক্ষিণ বাংলায় এই জ্বালানি সম্পদ রয়েছে, তাই একে পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে কাজে লাগাতে হবে।’
মন্ত্রী বলেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ও কৌশলগত উন্নয়ন ইস্যুগুলো কেবল রাজনৈতিক দল বা ক্ষমতাসীনদের এজেন্ডা হওয়া উচিত নয়। বরিশাল জেলা সমিতির মতো সামাজিক ও নাগরিক সংগঠনগুলোকেও এই দাবি ও সম্ভাবনাগুলো নীতি-নির্ধারকদের সামনে জোরালোভাবে নিয়ে আসতে হবে।
দক্ষিণাঞ্চলের সামগ্রিক অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা পর্যন্ত যে উন্নত সড়ক রয়েছে, তা কুয়াকাটা পর্যন্ত সম্প্রসারিত করা হয়নি। এই সড়কের সম্প্রসারণ খুবই জরুরি। তা না হলে দক্ষিণাঞ্চলে যানবাহনের এই বিশাল প্রবাহ সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেবে।
পায়রা সমুদ্র বন্দরকে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি ‘স্ট্র্যাটেজিক অ্যাসেট’ বা কৌশলগত সম্পদ উল্লেখ করে তিনি বলেন, পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। চট্টগ্রাম ও মোংলা বন্দর দেশের ক্রমবর্ধমান বাণিজ্যের জন্য পর্যাপ্ত না হওয়ায় পায়রা বন্দরকে আমাদের দ্রুত পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে। পাশাপাশি, কোনো বড় বিনিয়োগ ছাড়াই কেবল নীতি-নির্ধারণী সহায়তার মাধ্যমে কুয়াকাটার পর্যটন মূল্যকে কাজে লাগাতে হবে। যা দিয়ে আগামী ৪-৫ বছরের মধ্যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। এতে বৈশ্বিক সংকটের কারণে তৈরি হওয়া রেমিট্যান্সের ঘাটতি পূরণ করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, সমিতির প্রধান পৃষ্ঠপোষক এ কে এম আজিজুর রহমান খান, সংগঠনের উপদেষ্টা এ কে এম মিজানুর রহমান এফসিএ এবং নোভো কার্গো সার্ভিসের এমডি সৈয়দ মুস্তাফিজুর রহমান, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ বরিশাল জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
অনুষ্ঠানে দক্ষিণাঞ্চলে সমাজসেবা, শিক্ষা, শিল্প ও ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সম্মাননা পদক (মরণোত্তরসহ) প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক সোহেল।