এপ্রিলের প্রথমার্ধে বগুড়া-৬, শেরপুর-৩ আসনে ভোট
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, পহেলা বৈশাখ অর্থাৎ আগামী ১৪ এপ্রিলের আগে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন হতে পারে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ইসি ভবনে নিজ দপ্তর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, ঝড়-বৃষ্টির কারণে আমরা পরিকল্পনা করছি বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগেই নির্বাচন আয়োজন করব।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে বগুড়া-৬ আসন ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, একসঙ্গে একটির বেশি আসন থেকে সংসদ সদস্য হিসেবে থাকা যায় না। তারেক রহমান গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করে ইসি।
সংবিধান অনুযাযী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য ঘোষণা হলে তার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়।
অন্যদিকে ১২ ফেব্রুয়ারির ভোটে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনের ভোট আরপিও অনুযায়ী স্থগিত করে কমিশন।
আইন অনুযায়ী, নতুন করে তফসিল ঘোষণার মাধ্যমে এই আসনের ভোট করতে হবে। এক্ষেত্রে পূর্বে যারা বৈধ প্রার্থী ছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।