পিরোজপুরে বিএনপি নেতা ও ভাতিজাকে কুপিয়ে জখম
পিরোজপুর সদর উপজেলায় এক বিএনপি নেতা ও তার ভাতিজাকে কুপিয়ে জখম করা হয়েছে।
তারা হলেন- সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির (নাসির মল্লিক) ও তার ভাইয়ের ছেলে রিয়াজ উদ্দিন মল্লিক নিপু।
রোববার মধ্যরাতের দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান জানান।
নাসির মল্লিক সদর উপজেলার শংকরপাশা গ্রামের মোদাহার মল্লিকের ছেলে। আর রিয়াজ উদ্দিন মল্লিক নিপুর বাবার নাম শাহজাহান মল্লিক।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কয়েকটি মোটরসাইকেলে এসে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করেই তাদের ওপর হামলা চালায়। দুজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
পিরোজপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শেখ রুবেল বলেন, “ঘটনা শুনে আমরা সবাই হাসপাতালে আসি। তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে। নির্বাচনের পরে এ ধরনের হামলা নির্বাচনি সহিংসতা ছাড়া আর কিছুই না।”
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক রাজিব পাইক বলেন, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।”