সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৪ ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

রাজনীতি

নাটোরে মারপিট-ভাঙচুরের অভিযোগে বিএনপি সমর্থককে পিটুনি

 প্রকাশিত: ১২:০০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নাটোরে মারপিট-ভাঙচুরের অভিযোগে বিএনপি সমর্থককে পিটুনি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মারপিট ও ভাঙচুরের অভিযোগে এক বিএনপি কর্মীকে পিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

রোববার রাত ১০টার দিকে বড়াইগ্রামের বাগডোব এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

পিটুনির শিকার মফিজ উদ্দিন বড়াইগ্রামের খাকসা এলাকা খোরশেদ আলম ছেলে। তিনি বিএনপি সমর্থক।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সকালে গভীর নলকূপের সীমানা নিয়ে মফিজ উদ্দিনের সঙ্গে তার বড়ভাই ওমর আলী ও ভাগিনা রুবেলের বাকবিতণ্ডা হয়। এর জেরে পাশের চাটমোহর থেকে ৬-৭টা মোটরসাইকেলে দেশীয় অস্ত্রসহ ১৩-১৪ সন্ত্রাসীকে ভাড়া করে আনেন মফিজ। তাদের নিয়ে মফিজ বড় ভাইকে মারপিট করে এবং হুমকি-ধামকি দেয়। এরপর চৌমহন এলাকায় ভাগিনা রুবেলের বাড়িতে ভাঙচুর করে।

ভাড়াটে সন্ত্রাসীদের বিদায় দিয়ে মফিজ বাগডোব ঈদগাহ মাঠ এলাকায় এসে আবার হইচই শুরু করেন। তখন স্থানীয়রা তাকে একটি বাড়িতে আটকে রেখে পুলিশ খবর দেয়। পুলিশ তাকে আটক করে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা মফিজকে পিটুনি দেয়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, মফিজ উদ্দিনকে বড়াইগ্রামে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।